সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর কে পি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি ও পুকুর ইজারার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।এলাকাবাসী ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্যের অভিযোগ, কাচুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল মোল্লা গত বছর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন। এরপর তিনি বিদ্যালয়ের পুকুর বন্দোবস্তের প্রায় ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া বড় অঙ্কের অর্থের বিনিময়ে তিনি জ্যেষ্ঠ শিক্ষকদের ডিঙিয়ে একজন অযোগ্য শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।ব্যবস্থাপনা কমিটির সদস্য শম্পা রানী সাহা বলেন, ‘বিদ্যালয়ের প্রবীণ প্রধান শিক্ষক দিলীপ কুমার নাগের চাকরির মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও নাজমুল মোল্লা ভয়ভীতি দেখিয়ে তাঁকে গত বছরের ১৫ জুলাই অবসরে যেতে বাধ্য করেন। এরপর শূন্য পদ পূরণে তিনি বিদ্যালয়ের শিক্ষক তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা তপন কুমার বিশ্বাসকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন।’ অভিযোগ আছে এ ব্যাপারে চার লাখ টাকা উৎকোচের বিনিময়ে নিয়মবহির্ভূতভাবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।শিক্ষকেরা জানান, জেলা শিক্ষা কর্মকর্তা নরেশ চন্দ্র দাস গত ১৯ নভেম্বর সরেজমিনে বিভিন্ন লোকের সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র যাচাই করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ কতিপয় সদস্যের বিভিন্ন অনিয়ম পান। এ ব্যাপারে তিনি ২১ নভেম্বর যশোর শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠিয়েছেন। এরপর বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে কারণ দর্শানো নোটিশ দেন। কিন্তু সভাপতি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য বিদ্যালয়ের ১৩ জন শিক্ষকের স্বাক্ষর জাল করে কারণ দর্শানো নোটিশের জবাব দেন। তবে ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।’সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করা হবে। অনিয়মের চেষ্টা করলে প্রয়োজনে নিয়োগ বোর্ড বাতিল করা হবে।