ফরিদপুরের ভাঙ্গার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে বিএনপির পকেট কমিটি গঠন করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলের একাংশ। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেনের বিরুদ্ধে এ অভিযোগ এনে বলেন, ‘ইকবাল হোসেন আওয়ামী লীগের দালালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’
অভিযোগ অস্বীকার করে খন্দকার ইকবাল হোসেন বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো জায়গাতেই পকেট কমিটি হয়নি। আন্দোলন-সংগ্রামে যাঁরা ছিলেন, তাঁদেরই মূল্যায়ন করা হয়েছে।’ গত ২৮ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ভাঙ্গার ১২টি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। এ সম্মেলন আয়োজনে মূল ভূমিকা পালন করেন খন্দকার ইকবাল হোসেন।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।