সভাপতির বিরুদ্ধে সম্পাদকের নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের বিরুদ্ধে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করা এবং নেতা-কর্মীকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী সংবাদ সমেঞ্চলন করে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খালেদা রব্বানী বলেন, সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনের জন্য ৫ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর (খালেদা রব্বানী) নেতৃত্বাধীন অংশ দেখা করে। জেলার নেতাদের বক্তব্য শুনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করেন। পরে ১৯ দলও মিজানুরকে সমর্থন করে। কিন্তু নাসের রহমান ওই সিদ্ধান্ত না মেনে আবদুল মছব্বিরের (সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান) পক্ষে গণসংযোগের নামে দলীয় প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা রকম কটূক্তি করছেন ও হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছেন। তিনি (নাসের রহমান) নিজেকে দলের মালিক ঘোষণা করে বলছেন, তিনি যা বলবেন, তাই হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলা নির্বাচনে নাসের রহমান দলীয় প্রার্থী শওকতুল ইসলামের বিরুদ্ধে আবদুল হান্নানকে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা করেন। কোনো কোনো জায়গায় তাঁর (নাসের) প্রার্থী পছন্দ না হলে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দিতে বলেন। গত পৌরসভা নির্বাচনেও দলীয় প্রার্থী মো. ফয়জুল করিমের বিরুদ্ধে অবস্থান নেন।
সংবাদ সমেঞ্চলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, পৌরসভার মেয়র ফয়জুল করিম, সদর উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী মিজানুরের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
জানতে চাইলে নাসের রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব বাজে কথা। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’