সাতক্ষীরা শিল্প ও বণিক সমিতির সভাপতি নাসিম ফারুক খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় এই অভিযোগ তোলেন সমিতির কয়েকজন পরিচালক।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক তাহমিদ শাহেদ, এহসান বাহার, জাকির হোসেন লস্কর, আসাদুজ্জামান সেলিম, শাহিনুর রহমান, জাহিদুর রহমান, আবদুল্লাহ আল মামুন, মসিউর রহমান প্রমুখ।
তাঁরা বলেন নাসিম ফারুক খান ভোমরা বন্দর থেকে সাত লাখ টাকা ধার নেওয়ার নামে তা আত্মসাৎ করেছেন। তা ছাড়া সাতক্ষীরার সাবেক একজন পুলিশ সুপারের বাসভবনে থাই গ্লাস স্থাপনের টাকা শিল্প ও বণিক সমিতি দেবে কেন? তাঁর বাসভবনের আলোকসজ্জার কয়েক লাখ টাকাও বা কেন দিতে হবে সমিতিকে? অথচ নাসিম ফারুক সমিতি থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ওই সাবেক পুলিশ সুপারকে তোষণ করেছেন। তিনি নানা কৌশলে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
আগামী ৩০ ডিসেম্বর বণিক সমিতির নির্বাচন উল্লেখ করে পরিচালকেরা বলেন, ‘নাসিম ফারুক নানাভাবে নির্বাচন না করার ষড়যন্ত্র করছেন।’
নাসিম ফারুক অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সমিতির প্রতি মাসের সভায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন হয়ে থাকে। এখানে ৫০ লাখ টাকা কেন, ৫ লাখ টাকা চুরি কিংবা আত্মসাতেরও কোনো সুযোগ নেই।