সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইসলামী ছাত্রশিবিরের ১৪ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁদের কেন স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা-বোর্ডের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি সূত্র প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপাচার্য আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে শৃঙ্খলা বোর্ডের সভা শুরু হয়। সভায় ২০১৩ সালের ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘চেতনা ৭১’ ভাঙচুরের প্রতিবাদে মানবন্ধন ও সমাবেশে হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ উপস্থাপন করা হয়। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হোসাইন আহমদ, পুর ও পরিবেশ কৌশল বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এহসানুল করিম, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শিবিরের বায়তুল মাল (অর্থ) সম্পাদক মহিবুল্লাহসহ ১৪ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছরের ১২ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের ভাস্কর্য চেতনা ’৭১-এ শিবিরের হামলার প্রতিবাদে পরদিন বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মানবন্ধন শেষে চেতনা ’৭১-এর পাদদেশে সমাবেশের সময় ইসলামী ছাত্রশিবিরের ২০-২৫ জন কর্মী রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় শিবিরের কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায়। পরে চেতনা ’৭১ এর সামনে থাকা সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিনের মোটরবাইক ও দুটি বাইসাইকেলে আগুন দিয়ে শিবিরের কর্মীরা ক্যাম্পাস ছাড়েন। এ ঘটনায় পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান জহির বিন আলমকে আহ্বায়ক, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজিয়া চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলামকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটি বিভিন্ন অনুসন্ধান, ভিডিও ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ১৬ শিবির নেতা-কর্মীর বিরুদ্ধে তথ্যপ্রমাণ পায়। তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ করে। তাঁদের মধ্যে ১৪ জন শিবির নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুজন বহিরাগত।