সভাপতিসহ ১৩ পদে আ.লীগ সমর্থিত প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নির্বাচনে ১৫টি পদের মধ্যে অপর দুই পদে বিএনপি-সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চাঁদপুর আইনজীবী সমিতি ভবনের দোতলায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। এতে ভোটার ছিলেন ২৬০ জন। রাত ১২টায় রিটার্নিং কর্মকর্তা সায়েদুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ১৫টি পদে দুই প্যানেলে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের জহিরুল ইসলাম সভাপতি ও জসিম উদ্দিন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
জহিরুল ইসলাম ১২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম আকবর পান ১২০ ভোট। সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন পান ১৪৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিন আহম্মেদ পেয়েছেন ৯৯ ভোট।
বিএনপি-সমর্থিত প্যানেলের জয়ী প্রার্থীরা হলেন সম্পাদক (লাইব্রেরি) সাইফুল ইসলাম ও জেনারেল অডিটর পদে কামাল হোসেন।