রাজধানীর সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লা হত্যা মামলায় সমিতির সভাপতি আবুল কালামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করে ডিবি।
আবুল কালাম ছাড়া অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আলমগীর হোসেন, নাইমুর রহমান ওরফে দুর্জয়, সালাউদ্দীন, এ বি এম আওলাদ হোসেন, আলী আকবর ওরফে বাবুল, মুসফিকুল মান্নান ওরফে বায়ু, তৈয়ব আলী, বাচ্চু মিয়া, গিয়াস উদ্দীন ওরফে জাফর, সুমন রেজা, সেলিম সারোয়ার, আবদুল মান্নান ভূঁইয়া, মোক্তার হোসেন, সাইদুজ্জামান ওরফে শান্ত এবং রহমত উল্লাহ ওরফে সেন্টু। এঁদের মধ্যে আবুল কালাম, আলী আকবর ও মুসফিকুল মান্নান হাইকোর্ট থেকে জামিনে আছেন। আলমগীর, নাইমুর, সালাউদ্দিন ও আওলাদ কারাগারে আছেন। অন্যরা পলাতক।
অভিযোগপত্রভুক্ত আসামিরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতি, সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন ব্যবসা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। খায়রুল আলম যাত্রাবাড়ী-ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রফিকুল ইসলাম অভিযোগপত্রভুক্ত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারির আবেদন করেছেন। অভিযোগপত্রে বলা হয়, আসামি আবুল কালাম বাস টার্মিনালে একক আধিপত্য বিস্তারের জন্যই ভাড়াটে সন্ত্রাসী দিয়ে খায়রুল মোল্লাকে খুন করিয়েছেন। আরও বলা হয়, হত্যাকাণ্ডে পাঁচজন সরাসরি অংশ নেন। তাঁরা হলেন তৈয়ব আলী, আলমগীর, সালাউদ্দীন, সুমন এবং আওলাদ। এ ছাড়া এজাহারভুক্ত পাঁচ আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। অভিযোগপত্রে বলা হয়, আসামি আবুল কালাম টার্মিনালের একক নিয়ন্ত্রণ, চাঁদাবাজির টাকা ভাগবাঁটোয়ারাসহ বিভিন্ন বিষয়ে সাধারণ সম্পাদক খায়রুল মোল্লার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। আবুল কালাম একপর্যায়ে খায়রুলকে হত্যার পরিকল্পনা ও তা বাস্তবায়ন করেন।
গত বছরের ৭ নভেম্বর মতিঝিলে বাংলাদেশ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের দ্বিতীয় তলার সিঁড়িতে সন্ত্রাসীরা খায়রুল মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় ৯ নভেম্বর তাঁর স্ত্রী শেফালি আলম সাতজনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি তৈয়ব আলী, আলী আকবর, জাফর, সেন্টু, সুমন, নাইমুর রহমান, বাচ্চুসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের সঙ্গে খায়রুল আলমের ব্যবসায়িক বিরোধ সৃষ্টি হয়। ৭ নভেম্বর বিকেলে আসামিরা আপস মীমাংসার প্রস্তাব দেন এবং খায়রুলকে মুঠোফোনে ৯/ডি, মতিঝিলের বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যান। সেখানে যাওয়ার পর তাঁরা বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন ওরফে মহির কার্যালয়ে বসেন। সেখান থেকে ফেরার পথে আসামিরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।