সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি-স্বজনপ্রীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রাজ্জাক অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের লীগের সভাপতি এম মতিউর রহমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য ও বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করেছেন। এ ছাড়া ২০১৩-১৪ সালে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া অনুদানের তালিকা তৈরি করার ক্ষেত্রেও দুর্নীতি ও স্বজনপ্রীতি করেছেন। এ ছাড়া বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার আসামিদের অর্থের বিনিময়ে অব্যাহতি দেওয়ার অভিযোগ রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে তাঁর পরিবারের একাধিক সদস্যের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষতিগ্রস্ত হিসেবে আর্থিক অনুদান গ্রহণের অভিযোগ রয়েছে। মূলত তাঁর পরিবারের ওই সদস্যরা ক্ষতিগ্রস্ত হননি। রাজনৈতিক সহিংসতায় ইন্দুরকানি উপজেলায় ২ শতাধিক নেতা-কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু গত ২৩ আগস্ট এ উপজেলার ২৭ জন নেতা-কর্মী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর্থিক অনুদানের চেক গ্রহণ করেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ভাই ফারুক হাওলাদার ক্ষতিগ্রস্ত না হয়েও ৫০ হাজার টাকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান ১ লাখ টাকা, তাঁর মেয়ে সাথী আক্তার ৫০ হাজার টাকা, বোনের ছেলে আবুল কাশেম খান ওই সময় বিদেশে অবস্থান করলেও ১ লাখ টাকা পেয়েছেন। অথচ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম ফকির, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহীন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুবলীগের নেতা বাপ্পি মোল্লা ক্ষতিগ্রস্ত হলেও কোনো ক্ষতিপূরণ পাননি।

এম মতিউর রহমান বলেন, ‘বিএনপি জামায়াতের নাশকতায় ক্ষতিগ্রস্ত দলীয় যেসব ব্যক্তি আবেদন করেছেন তাঁরা সবাই ক্ষতিপূরণ পেয়েছেন। এ ব্যাপারে আমি কোনো দুর্নীতির আশ্রয় নিইনি। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ তোলা হয়েছে। যা ভিত্তিহীন।’

মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘আমিসহ আমার পরিবারের ক্ষতিগ্রস্ত সদস্যরাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ক্ষতিপূরণ পেয়েছি। তবে যেসব ক্ষতিগ্রস্ত ব্যক্তি অনুদান পাননি তাঁরা আবেদন করলে জেলা আওয়ামী লীগের সুপারিশসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।’