সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০ পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আইনজীবী সমিতির (২০১৫-১৬) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০টি পদে বিজয়ী হয়েছে বিএনপি ও জামায়াত-সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। মোট ২৫টি পদে অনুষ্ঠিত এই নির্বাচনে জ্যেষ্ঠ সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ পাঁচটি পদ পেয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল।
গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এস এম আলতাফ হোসেন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১৫ সদস্যপদের মধ্যে ১২টিতে জয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা। তিনটি পেয়েছে সাদা প্যানেল।
সভাপতি পদে নীল প্যানেল থেকে মাসুদ আহমেদ তালুকদার ৪ হাজার ৫৬২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক ৪ হাজার ৩৩২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের ওমর ফারুক ৪ হাজার ৬৪৩ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের আয়ুবুর রহমান পেয়েছেন ৪ হাজার ৫৭ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে সাদা প্যানেল থেকে মোশাররফ হোসেন, সহসভাপতি পদে নীল প্যানেলে হারুন রশিদ খান বিজয়ী হন। কোষাধ্যক্ষ পদে সাদা প্যানেলের মকবুল হোসেন জয়ী হয়েছেন। নির্বাচনে সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের হাফিজুর রহমান হাফিজ ও সহসাধারণ সম্পাদক পদে একই প্যানেলের তাহেরুল ইসলাম তৌহিদ বিজয়ী হন।
গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচনে ১৫ হাজার ৩৭২ ভোটারের মধ্যে ৯ হাজার ৯২ জন ভোট দেন।
ফোরামের অভিনন্দন: জাতীয়তাবাদী ঐক্য প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫টি পদের মধ্যে ২০টিতে বিজয়ী হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম মিয়া এবং মহাসচিব মাহবুব উদ্দিন খোকন।