নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সভা ডাকা হয়েছে কাল রোববার। সভার আলোচ্যসূচির ২ নম্বর তালিকায় সিদ্ধিরগঞ্জের উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অনীহা ও প্রতিকারে ব্যবস্থা গ্রহণের বিষয় রাখা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন দলের থানা কমিটির সভার আলোচ্যসূচিতে আওয়ামী লীগদলীয় সমর্থক সিটি মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয় রাখায় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি নূর হোসেন ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিঞা আলোচিত সাত খুনের মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় গত মে মাসে থানা কমিটির সভায় তাঁদের দুজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া তাঁদের দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়।
থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ মল্লিক প্রথম আলোকে জানান, আলোচ্যসূচিতে সিটি করপোরেশন প্রসঙ্গটি রাখা হয়েছে। কমিটিতে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
গত ৫ জানুয়ারির নির্বাচনে সিদ্ধিরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন শামীম ওসমান। পরে জানুয়ারি মাসেই যুবলীগের সংবর্ধনা অনুষ্ঠানে শামীম ওসমান সিটি করপোরেশনকে কর প্রদান বন্ধ করে দিতে সিদ্ধিরগঞ্জের নাগরিকদের প্রতি আহ্বান জানান। গত ২৮ নভেম্বর সিদ্ধিরগঞ্জে এক অনুষ্ঠানে শামীম ওসমান সিটি করপোরেশনকে উদ্দেশ করে বলেন, সিদ্ধিরগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না।
এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার জানান, সিটি করপোরেশনে তিন বছরে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নয়টি ওয়ার্ডে এ পর্যন্ত ৬০ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ৩৯০ টাকার উন্নয়ন কাজ হয়েছে। কিছু কিছু কাজ এখনো চলমান রয়েছে। এ ছাড়া জাইকা ও এমজিএসপির অর্থায়নে উন্নয়ন কাজগুলোর দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। সিদ্ধিরগঞ্জের উন্নয়নে সিটি করপোরেশন সাধ্যমতো চেষ্টা করছে।