সভার ভুয়া প্রস্তাব তৈরির অভিযোগ, বিদ্যালয়ে তালা
প্রধান শিক্ষিকার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের জমিদাতা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির ভুয়া রেজ্যুলেশনের মাধ্যমে চাকরির মেয়াদ বাড়ানোর অভিযোগ এনে গত রোববার এ ঘটনাটি ঘটিয়েছেন তিনি। বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন মনোয়ারা চৌধুরী। বিধি মোতাবেক তাঁর প্রধান শিক্ষক হিসেবে চাকরির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মনোয়ারা চৌধুরী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সুপারিশ নিয়ে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের মাধ্যমে চাকরির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়ে আনেন। এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদ শূন্য রয়েছে ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির যে সুপারিশ দেখিয়ে শিক্ষা বোর্ড থেকে চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে, তা ভুয়া দাবি করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জমিদাতা সদস্য চৌধুরী মো. সেলিম শিক্ষক প্রতিনিধিদের নিয়ে গত রোববার সকালে প্রধান শিক্ষিকার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেন। চৌধুরী মো. সেলিম প্রধান শিক্ষিকার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চাকরির মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। সাবেক প্রধান শিক্ষিকা ব্যবস্থাপনা কমিটির সভার যে সুপারিশ দেখিয়ে শিক্ষা বোর্ড থেকে তাঁর চাকরির মেয়াদ বাড়িয়ে এনেছেন, তা ভুয়া। তাই প্রধান শিক্ষকের পদটি এখন শূন্য বলেই শিক্ষিকার কক্ষে তালা দিয়েছি।’ মনোয়ারা চৌধুরী জানান, তিনি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বৈধ সুপারিশ নিয়ে চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব চৌধুরী বলেন, প্রধান শিক্ষিকার চাকরির মেয়াদ নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রধান শিক্ষিকার অফিসকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া উচিত নয়। জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলে আলম বলেন, প্রধান শিক্ষিকার চাকরির মেয়াদ বাড়ানো নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিভক্তি সম্পর্কে জেনে কমিটির সভা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।