সভায় আ.লীগ নেতাদের না ডাকায় ইউএনওর অপসারণ দাবি
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ না জানানোয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দাবিতে যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।
ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ বলেন, ১৯৯৮ সালের উপজেলা পরিষদ আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী পরিষদের মাসিক সভায় উপজেলা চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর, উপজেলা প্রশাসনের ১৭টি দপ্তরের প্রধান কর্মকর্তা এবং ইউএনওর উপস্থিত থাকার বিধান রয়েছে। এতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার সুযোগ নেই। এ কারণে তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা শুরু হয়। এতে ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আকবর, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আলী আহসান এবং উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হন। সভা শুরুর পরপরই আলী আহসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানোর দাবি করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এ সভায় রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার বিধান নেই বলে জানান ইউএনও। এ নিয়ে ইউএনওর সঙ্গে আলী আহসানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে আলী আহসান সভা ছেড়ে চলে যান। তবে সভার কার্যক্রম চলতে থাকে। এর কিছুক্ষণ পর ইউএনওর অপসারণের দাবিতে আলী আহসান ও তাঁর সমর্থক নেতা-কর্মীরা উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় আলী আহসান ইউএনওকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের সময়সীমা বেঁধে দেন। পরে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন।
আলী আহসান বলেন, অতীতে এ ধরনের সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হতো। তাঁরা সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত দিতেন। কিন্তু বর্তমান ইউএনও যোগদানের পর থেকে এর ওপর বিধিনিষেধ আরোপ করেন।
আলী আকবর বলেন, এ ঘটনায় সাধারণ সভার ওপর নেতিবাচক প্রভাব পড়েনি। ভাইস চেয়ারম্যান উপস্থিত না থাকলেও সভার কার্যক্রম যথাযথভাবে শেষ হয়েছে।