পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সভায় উন্নয়নের ফিরিস্তি অনিয়ম জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর হামলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গতকাল মঙ্গলবার উপাচার্যের উপস্থিতিতে কতিপয় শিক্ষক-কর্মচারীর হামলায় আহত হয়েছেন তিনজন সাংবাদিক। মতবিনিময় সভায় উন্নয়নের ফিরিস্তি দেন উপাচার্য। নিয়োগে অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে সাংবাদিকের ওপর চালানো হয় হামলা।আহত সাংবাদিকেরা হলেন: দৈনিক সংবাদ-এর পটুয়াখালী প্রতিনিধি নিখিল চ্যাটার্জি, ডেইলি স্টার-এর একই জেলার প্রতিনিধি মো. সোহরাব হোসেন ও ইত্তেফাক-এর বাউফল উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম।নিখিল চ্যাটার্জি জানান, গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়টির সম্মেলনকেন্দ্রে ওই প্রতিষ্ঠানের ‘উন্নয়নের চার বছর পূর্তি’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়। এতে সুধীজন ও সাংবাদিকদের সঙ্গে তিনিও আমন্ত্রিত হয়ে যোগ দেন। অনুষ্ঠানের শুরুতে উপাচার্য সৈয়দ শাখাওয়াত হোসেন সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এ সময় মঞ্চে থাকা উপাচার্যের কাছে নিয়োগ-বাণিজ্য, অন্যান্য অনিয়ম ও রেজিস্ট্রারের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে শাখা কর্মকর্তা (খণ্ডকালীন) মো. আতাউর রহমানের নেতৃত্বে কতিপয় শিক্ষক-কর্মচারী তাঁর (নিখিল চ্যাটার্জি) ওপর হামলা চালান।মো. সোহরাব হোসেন বলেন, নিখিল চ্যাটার্জির ওপর হামলা শুরু হলে তাঁকে রক্ষায় তিনি ও আমিরুল ইসলাম এগিয়ে যান। তখন তাঁদের ওপরও হামলা চালানো হয়। উপস্থিত সুধীজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।শাখা কর্মকর্তা মো. আতাউর রহমান সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি অস্বীকার করেন।উপাচার্যের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।