পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পরও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সব নেতা একসঙ্গে বসে সভা করেননি। বিরোধ ও দ্বন্দ্বের কারণে কয়েকজন নেতা নিজেদের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ রেখেছেন। বিশেষ করে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত প্রভাবশালী কয়েকজন নেতা সভায় উপস্থিত হচ্ছেন না। দলীয় সূত্রগুলো এ কথা জানিয়েছে।
সাত বছর পর গত বছরের ১৩ নভেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি এবং আ জ ম নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর কমপক্ষে পাঁচ দফা কার্যকরী কমিটির সভা ডাকা হয়।
দলীয় সূত্র জানায়, নগর কমিটির প্রধান মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিরোধের কারণে সাবেক মন্ত্রী আফছারুল আমীন, সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামসহ কয়েকজন নেতা কার্যকরী সভায় যোগ দিচ্ছেন না। দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে মহিউদ্দিন চৌধুরীর দূরত্ব রয়েছে।
জানতে চাইলে এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সংগঠনের মধ্যে গতি আনার দায়িত্ব সবার। তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে আমরা সভা ডাকি। সভায় উপস্থিত হওয়ার জন্য কমিটির সবাইকে আমন্ত্রণ জানানো হয়। বেশির ভাগ নেতা উপস্থিত হয়ে সভায় তাঁদের মতামত দেন। আর যাঁরা উপস্থিত হন না, সেটা তাঁদের বিষয়।’ মহিউদ্দিন চৌধুরীর দাবি, সংগঠনের মধ্যে বিভেদ নেই।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরে দলের কার্যক্রমে গতিশীলতা আনতে সব পক্ষের নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়। ফলে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা যেমন জায়গা পেয়েছেন, তেমনি কমিটিতে জায়গা হয়েছে তাঁর বিরোধীদেরও।
দলীয় সূত্র আরও জানায়, গত বছরের ১৩ নভেম্বরের পর মোট পাঁচবার কার্যকরী কমিটির সভা ডাকা হয়েছে। কিন্তু মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত প্রভাবশালী কয়েকজন নেতা অনুপস্থিত ছিলেন সব কটি সভায়।
নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সভাপতি ও সম্পাদক সংগঠনের কান্ডারি। দলে গতিশীলতা আনতে তাঁদের ভূমিকা এখানে মুখ্য। আমরাও চাই সংগঠনের গতি যেন বাড়ে।’ কার্যকরী সভায় অনুপস্থিত থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সিডিএর চেয়ারম্যান। আমি সেখানে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। যে কারণে সংগঠনের সভায় উপস্থিত হতে পারছি না।’