১৫ মিনিট জঙ্গিবিরোধী বক্তব্য না দিলে কোনো সংগঠন সভা-সমাবেশের অনুমতি পাবে না। প্রতিটি সভা-সমাবেশে জঙ্গিবিরোধী বক্তব্য বাধ্যতামূলক। পুলিশের কাছ থেকে সভা-সমাবেশের অনুমতি পাওয়ার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জঙ্গি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে মতবিনিময় সভায় ১১ জেলার পুলিশ সুপারদের এ নির্দেশ দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান।
চট্টগ্রামের এসপি নুরে আলম মিনার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজাউল মাসুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত ডিআইজি কুসুম দেওয়ান, চাঁদপুর জেলার পুলিশ সুপার শামছুন্নাহার, ব্রাহ্মণবাড়িয়ার মিজানুর রহমান, সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, ইউএনও নাজমুল ইসলাম ভুইয়া, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল প্রমুখ।
ডিআইজি মনির-উজ-জামান বলেন, জঙ্গিবাদ নির্মূল পুলিশের একার কাজ নয়। এ কাজে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ সজাগ ও সতর্ক থাকলে জঙ্গিবাদের ঠাঁই বাংলাদেশে হবে না।
এসপি শামছুন্নাহার বলেন, অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরাও জানেন না, তাঁদের সন্তান জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে কিংবা মাদক গ্রহণ করছে। সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।
সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, জঙ্গিবিরোধী ও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে প্রত্যেক জনপ্রতিনিধিকে তাঁর এলাকায় কাজ করতে হবে।
মেয়র বদিউল আলম বলেন, জঙ্গিদের চিহ্নিত করে পুলিশের কাছে ধরিয়ে দিতে সাহসী ভূমিকা পালন করতে হবে পৌরবাসীকে।
শিল্পপতি আলমাস শিমুল বলেন, বাংলাদেশের মানুষকে আর অবহেলার সুযোগ নেই। দেশে বড় বড় বিনিয়োগ আসছে। তা নষ্ট করতে একটি মহল সক্রিয় রয়েছে।
সভা শেষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জঙ্গি আস্তানা ‘ছায়ানীড়’ পরিদর্শন করেন ডিআইজি। অপর জঙ্গি আস্তানা সাধন কুঠিরের মালিকের সঙ্গে কথা বলেন তিনি। গত ১৫ ও ১৬ মার্চ সীতাকুণ্ডের ওই দুটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ।