সভা-সমাবেশের আগে অনুমতি নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি শহরে কোনো সভা-সমাবেশ করতে চাইলে জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে বাধ্যতামূলকভাবে জেলা প্রশাসনের অনুমতি নিতে হবে। গতকাল রোববার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসন আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
সভায় রাঙামাটি সরকারি কলেজে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো, কলেজ ক্যাম্পাসের চারদিকে সীমানাপ্রাচীর নির্মাণ, কলেজের ছাত্রছাত্রীদের জন্য ইউনিফর্ম (নির্ধারিত পোশাক) পরা বাধ্যতামূলক করাসহ আটটি সিদ্ধান্ত হয়েছে। রাঙামাটি সরকারি কলেজে গত শনিবার দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সভা ডাকা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সভাপতিত্ব করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত এপ্রিল মাসে জারি করা পরিপত্রের নির্দেশ অনুসারে সভা–সমাবেশের জন্য অবশ্যই লিখিত অনুমোদন নিতে হবে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত হয়েছে।
পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, তুচ্ছ ঘটনা থেকে বড় ধরনের সহিংসতার জন্ম নেয়। একশ্রেণির সুযোগসন্ধানী ব্যক্তি এ ধরনের ঘটনায় নানা গুজব রটিয়ে লুটপাট চালায়। এর শিকার হয় নিরীহ ব্যক্তিরা। সবাই একযোগে শান্তির জন্য কাজ করলে এসব সুযোগসন্ধানী ব্যক্তি কিছু করতে পারবে না।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ানসহ বিভিন্ন দল, সংগঠন, ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারাও সভায় অংশ নেন
এদিকে গত শনিবার ছাত্রদের মধ্যে সংঘর্ষ চলাকালে দোকান ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল সকাল ১০টা থেকে ব্যবসায়ীরা শহরের বনরূপা এলাকায় কালো পতাকা হাতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। এ ছাড়া বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগ কলেজের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শহরের হ্যাপির মোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা ছাত্র সংঘর্ষের জন্য পাহাড়ি ছাত্র পরিষদকে দায়ী করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তাঁরা।