সভা-সমিতির ওপর বিধিনিষেধে সিএইচটি কমিশনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের সঙ্গে নিয়ে সভা-সমিতি করার ওপর বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ প্রকাশ করেছে দ্য ইন্টারন্যাশনাল চিটাগাং হিল ট্র্যাক্টস কমিশন (সিএইচটি কমিশন)। ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল রোববার এক বিবৃতিতে কমিশন বলে, আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে।
বিবৃতিতে সিএইচটি কমিশন সংবিধানের অনুচ্ছেদ ৬-এর ২ এবং ২৩-এর ‘ক’ ধারার পরিবর্তন চেয়েছে। কমিশন বলছে, ২০১১ সালে বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়। এতে আদিবাসীদের বাংলাদেশের পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সংবিধানে আদিবাসীদের উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায় বলে উল্লেখ করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী আনার পর থেকে সংখ্যালঘুদের ওপর বিশেষ করে আদিবাসীদের ওপর, রামুতে বৌদ্ধদের ওপর হামলা হয়েছে। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়ায় আদিবাসীরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হচ্ছে। জাতি, ধর্ম ও জন্মস্থানের কারণে তারা ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে।
বিবৃতিতে সিএইচটি কমিশন পার্বত্য চট্টগ্রামের জন্য উন্নয়নমূলক যেকোনো কর্মকাণ্ডে আদিবাসীদের সম্পৃক্ত রাখার সুপারিশ করেছে।
সিএইচটি কমিশনের মতে, ১৯৯৭ সালে শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়নি এবং ২০০৯ সালের নির্বাচনী ইশতেহারও অনুসরণ করা হয়নি। রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান, বন বিভাগ, নিরাপত্তা বাহিনী অন্যায়ভাবে জমি দখল করে চলেছে এবং সেটি প্রতিরোধেরও কোনো ব্যবস্থা নেই। বিজ্ঞপ্তি।