সমকামিরা নিজেদের উপস্থিতি জানান দিতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সমকামি জনগোষ্ঠী নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। তারা চায় সমকামিতাকে যেন সমাজ একটি স্বাভাবিক যৌনপ্রবৃত্তি হিসেবে স্বীকৃতি দেয়।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক উদারাময় কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এ আয়োজিত এক অনুষ্ঠানে সমকামিদের সমস্যা, সংকট ও উত্তরণ প্রসঙ্গে কথা বলে বয়েজ অব বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।
২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আজ প্রথমবারের মতো ৬০০ আত্মস্বীকৃত সমকামিদের ওপর পরিচালিত একটি জরিপের ফলাফল প্রকাশ করে। অনুষ্ঠানটিতে সহযোগিতা দেয় রূপবান ও ক্রিয়া নামের দুটি প্রতিষ্ঠান।
জরিপে অংশগ্রহণকারী সমকামিদের ৫৪ দশমিক ৩ শতাংশ বলেছে যৌনপ্রবৃত্তি প্রকাশ হয়ে যেতে পারে এই ভীতি সারাক্ষণ তাদের তাড়িয়ে বেড়ায়। অংশগ্রহণকারীদের অর্ধেকেরও বেশি সমাজের চোখে অগ্রহণযোগ্য এই যৌনপ্রবৃত্তির কারণে মারাত্মক মানসিক কষ্টে থাকে, নিজেদের ঘৃণা করেন, বিষন্নতায় ভোগে, আত্মহত্যা করতে চায়।
সামাজিক বিধি-নিষেধ, ধর্মীয় মূল্যবোধ ও পরিবারের চাপে জরিপে অংশগ্রহণকারীদের একটি বড় অংশ বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করবেন বলে জানিয়েছেন। কিন্তু এদের ৫৬ দশমিক ৯ শতাংশ বিয়ের পরও তাঁদের যৌনাচরণ পরিবর্তন করবেন না বলে জানান। তবে ৬৬ শতাংশ বলেছেন, বাংলাদেশ যদি সমকামি বিয়েতে স্বীকৃতি দেয় তাহলে তাঁরা পছন্দমতো বিয়ে করবেন।
এ ছাড়া জরিপে অংশগ্রহণকারীরা দণ্ডবিধির ৩৭৭ ধারা তুলে নেওয়ার দাবি করেছেন। ওই ধারায় সমকামিতাকে প্রকৃতিবিরুদ্ধ যৌনাচরণ বলা হয়েছে এবং এটিকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। এই ধারাটি ব্যবহার করে প্রায়ই সমকামিদের হেনস্থা করা হয় বলে জানান সমকামি নেতারা। তাঁরা বলেন, ধর্মে সমকামিতা সম্পর্কে নেতিবাচক কথা বলা হলেও, তাঁরা নিজেদের পাপী বলে মনে করেন না।