সমগ্র দেশ রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার যোগাযোগব্যবস্থার আরও উন্নয়নের লক্ষ্যে গোটা দেশকে রেলওয়ে নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ‘আমরা সড়ক ও নৌপথের পাশাপাশি রেলপথে আরও বেশি পণ্য পরিবহন করতে চাই। তাই রেল খাতের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছি।’ খবর বাসসের।
সফররত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন গতকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
নদী খননের জন্য তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা স্বাভাবিক প্রবাহ বজায় রেখে দেশের নদীগুলোর ড্রেজিং করতে চাই।’
আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির উল্লেখ করেন শেখ হাসিনা। অবকাঠামো সুবিধার আরও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামো সুযোগ-সুবিধা আরও ভালো হলে বেশি খাদ্যশস্য, মাছ ও শাকসবজি রপ্তানি করা যেত।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের অংশগ্রহণে চার জাতি বিবিআইএন সহযোগিতা সম্পর্কে আলোচনাকালে শেখ হাসিনা বলেন, ‘এটি আমার একটি উদ্যোগ, যা এখন বাস্তবায়িত হচ্ছে।’ বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডর উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, এটির অধিক সম্ভাবনা রয়েছে।
এআইআইবির প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ এই ব্যাংক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি আশ্বাস দেন, ব্যাংকটি বাংলাদেশে বিদ্যুৎ, পরিবহন ও অবকাঠামো খাতের উন্নয়নে বড় ধরনের সহায়তা দেবে। জিন লিকুন বলেন, বাংলাদেশ হবে এই ব্যাংক থেকে সহায়তা লাভকারী প্রথম দেশ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এআইআইবির প্রেসিডেন্ট বলেন, তিনি এ মহান নেতার একজন একান্ত অনুরাগী। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সৌভাগ্য যে তারা বঙ্গবন্ধু ও আপনার মতো নেতা পেয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ এবং সিনিয়র ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।