বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়া হবে—এমন আশ্বাস দিয়ে সমঝোতা স্মারক সইয়ের ১২ ঘণ্টার মাথায় এল দুঃসংবাদ। মালয়েশিয়া জানিয়ে দিল, তারা বাংলাদেশসহ কোনো দেশ থেকেই এ মুহূর্তে কর্মী নেবে না। তা ছাড়া মালয়েশিয়ার সরকার বলছে, আগামী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নেওয়ার যে কথা বলা হচ্ছে, তা-ও ঠিক নয়।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি বলেছেন, আপাতত বিদেশ থেকে কর্মী নেবে না মালয়েশিয়া। গতকাল শুক্রবার মালয়েশিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবরে এ কথা জানানো হয়। তিনি বলেছেন, কত শ্রমিক তাঁদের প্রয়োজন, সে তথ্য না পাওয়া পর্যন্ত বিদেশি কর্মী নেওয়া স্থগিত থাকবে। আর যেসব প্রতিষ্ঠানে বিদেশি শ্রমিক আছেন, সেগুলোর ওপর বাড়তি লেভি আরোপের নিয়মও স্থগিত থাকবে।
এদিকে তিন বছরে বাংলাদেশের ১৫ লাখ কর্মী মালয়েশিয়ায় যাবেন—এমন তথ্য ঠিক নয় বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ত জায়েম। ঢাকায় চুক্তি করে কুয়ালালামপুরে ফিরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ থেকে বিশ্বের ১৩৯টি দেশে শ্রমিক যান। দেশটির বিদেশে যেতে ইচ্ছুক এমন ১৫ লাখ মানুষ তাঁদের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করেছেন। সেখান থেকে এ সংখ্যাটি এসেছে। সমঝোতা স্মারকে এমন কোনো সংখ্যার উল্লেখ নেই।
এ বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ রাতে প্রথম আলোকে বলেন, ‘দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় চুক্তি হয়েছে। এমন একটি চুক্তি হুট করে স্থগিত বা বাতিল করা যায় না। কাজেই আমরা মনে করছি, আমাদের চুক্তি ঠিকই আছে। সমস্যাটা মালয়েশিয়ার। কেন বা কী কারণে তারা এমন ঘোষণা দিল, এটা তারাই জানে।’
তবে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ১৫ লাখ কর্মী নেওয়ার ব্যাপারে চুক্তিতে কিছু বলা হয়নি, এটা ঠিক। বিষয়টি এসেছে মৌখিক আলোচনায়। তিনি বলেন, ‘মালয়েশিয়ার মন্ত্রী ও কর্মকর্তারা জানতে চান, আমাদের এখানে বিদেশে যাওয়ার জন্য কতজন নিবন্ধিত আছে। আমরা তাঁদের ১৫ লাখ নিবন্ধনের কথা জানাই। তখন তাঁরা বলেন, ১৫ লাখই নিয়ে নেব।’ ওই কর্মকর্তা বলেন, চুক্তিতে কোনো সংখ্যা নেই। বিষয়টি এসেছে মৌখিকভাবে।
দেশটির সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী রাফিদা আজিজ বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার ব্যাপারে প্রশ্ন তোলেন। কর্মী নিয়োগের ব্যাপারে সরকারের আগের অবস্থান থেকে সরে আসারও সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশিরা যেসব পেশায় কাজ করতেন, সেসব দেশে মালয়েশিয়ার নাগরিকেরা কখনোই কাজ করেন না। আর এসব পেশায় বিদেশি শ্রমিক বলতে বাংলাদেশকেই বোঝানো হয়। তাই শ্রমিক নিয়োগের এ ঘোষণা মানে শুধু বাংলাদেশকে উদ্দেশ করেই। চার বছর ধরে বাংলাদেশ থেকে লাখ লাখ কর্মী নেওয়া হবে বলে মালয়েশিয়া বলে আসছে। বাংলাদেশ সরকারের মন্ত্রী ও সচিবেরা একই কথা জানিয়েছেন বিভিন্ন সময়ে। এমন পরিস্থিতিতেই ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার সঙ্গে কর্মী নেওয়ার বিষয়ে চুক্তি করে বাংলাদেশ।
মালয়েশিয়ার ঘোষণার পর গতকাল রাতে কথা বলতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ভারপ্রাপ্ত সচিব বেগম শামসুন্নাহারের মুঠোফোন খোলা থাকলেও তিনি ফোন ধরেননি। এমনকি খুদে বার্তা পাঠিয়েও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কথা বলেননি মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা। মন্ত্রীর একান্ত সচিব ইয়াসির আদনান বলেন, ‘মন্ত্রী মহোদয় বলেছেন, যেহেতু মালয়েশিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি, তাই তিনি এখনই কিছু বলবেন না।’
মালয়েশিয়ার সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে বায়রার সভাপতি আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আমরা সবাই মিলে চেষ্টা করে আবার বাজারটাকে উন্মুক্ত করার দিকে যাচ্ছিলাম। কিন্তু একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য যা করল, তাতে সে প্রক্রিয়া অনেক পিছিয়ে গেল। একইভাবে বাংলাদেশকেও অসম্মান করা হলো।
অভিবাসন-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রামরুর সমন্বয়ক অধ্যাপক সি আর আবরার প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ার কর্মী নিয়োগের এই বিষয়টি নিয়ে দুই দেশেরই অস্বচ্ছতা ছিল। মালয়েশিয়ার ট্রেড ইউনিয়ন, শ্রমিকনেতা, বার কাউন্সিল—তারা যেমন হঠাৎ করে ১৫ লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে প্রশ্ন তুলছিল, বায়রাও এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। কাজেই এমন একটা চুক্তি করার আগে সরকারের উচিত ছিল সবার সঙ্গে কথা বলে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো।