সমঝোতায় ছাড়া পেলেন আটক ১৮ ছাত্র-শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেেট শ্রমিক-ছাত্র সংঘর্ষের ঘটনায় সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠকে হয়েছে। এর অংশ হিসেবে আটক হওয়া ১৮ জনকে মঙ্গলবার রাত দুইটার দিকে ছেড়ে দিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সিলেটের শাহজালাল সিটি কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩০ জন আহত হন।
সাবেক মেয়র বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। এ নিয়ে দুই পক্ষ দুঃখ প্রকাশ করায় সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।
কলেজ সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সংঘর্ষের পর রাতে সিলেটের সাবেক মেয়রের বাসায় সমঝোতা বৈঠকে বসেন শাহজালাল সিটি কলেজ কর্তৃপক্ষ ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা। এ সময় দুই পক্ষ মামলা না করার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য করণীয় নির্ধারণ এবং সংঘর্ষে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে সাতজনের একটি কমিটি করা হয়। কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদও এই কমিটিতে রয়েছেন। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সমঝোতা বৈঠক ও কমিটি গঠনের কথা স্বীকার করেছেন।
সিলেট কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, মামলা না হওয়ায় আটক ছাত্র-শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজন ছাত্র।