কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণে প্রায় ৯৫ কোটি টাকার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। তবে বেলা তিনটায় বাক্স খুলে মাত্র তিনটি দরপত্র পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ক্ষমতাসীন দলের নেতারা সমঝোতা করে দরপত্র নিয়ন্ত্রণ করেছেন।
কুষ্টিয়া গণপূর্ত কার্যালয় জানায়, গত ২৯ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। প্রায় ৯৫ কোটি টাকা ব্যয়ে ১০ তলার ভিতের ওপর তিন তলা ভবন নির্মাণ করা হবে। গত সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত দরপত্র বিক্রির শেষ সময় ছিল। কুষ্টিয়াসহ দেশের ১৭টি গণপূর্ত কার্যালয় থেকে অফিস চলাকালীন দরপত্র বিক্রি করা হয়। এর মধ্যে কুষ্টিয়া কার্যালয় থেকে ছয়টি, মেহেরপুর থেকে একটি ও ঝিনাইদহ থেকে একটি দরপত্র বিক্রির তথ্য পাওয়া গেছে।
সারা দেশে মোট কতগুলো দরপত্র বিক্রি হয়েছে—এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়া গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদ মো. কবীর প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের হিসাব আমার কাছে নেই।’ তিনি আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। যশোর, ঝিনাইদহসহ কুষ্টিয়ার তিনটি স্থানে দরপত্র জমা দেওয়ার বাক্স রাখা হয়। এর মধ্যে কুষ্টিয়া গণপূর্ত কার্যালয়ে একটি, ঝিনাইদহে দুটি ও যশোরে একটি দরপত্র জমা পড়ে। তবে বাক্স খোলার আগেই যশোরে জমা পড়া দরপত্রটি প্রত্যাহার হয়ে যায়। দরপত্র জমা দেওয়া তিনটি প্রতিষ্ঠান হলো: এমআরএম-আরবি (জেভি), নূরানী কনস্ট্রাকশন ও পিইএল-জহুরুল (জেভি)।’
স্থানীয় লোকজন জানান, দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল সকালে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন নেতার নেতৃত্বে প্রায় ২০টি মোটরসাইকেলকে কুষ্টিয়া গণপূর্ত কার্যালয়ের সামনে মহড়া দিতে দেখা গেছে। তবে ওই কার্যালয়ে ব্যাপক পুলিশি নিরাপত্তা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার জানান, তিনি শিডিউল কিনেছিলেন। তবে কিছু সমস্যার কারণে তা জমা দেননি। তবে দরপত্র-প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, ওই ঠিকাদারকে শিডিউল জমা না দিতে হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত হুমকি চলেছে। এদিকে কুষ্টিয়া থেকে ছয়টি শিডিউল বিক্রি হলেও জমা পড়েছে মাত্র একটি।
গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শহীদ মো. কবীর বলেন, দরপত্র জমাকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কোনো সমস্যা হয়নি।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক ইফতেখার মাহমুদ বলেন, জমা পড়া তিনটি দরপত্রের মধ্যে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ দর দিয়েছে।