সমঝোতা-কমিটির নামে আ.লীগের টেন্ডারবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল আওয়ামী লীগে অভ্যন্তরীণ দ্বন্দ্ব দীর্ঘদিনের। বিগত জাতীয় সংসদসহ কিছু দিন আগে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনেও এ দৃশ্য দেখা গেছে। কিন্তু টেন্ডারবাজির সময় নেতাদের মধ্যে দলাদলি থাকে না। তখন সব এক হয়ে যান। অবৈধভাবে তাঁরা একটি ‘নেগোসিয়েশন কমিটি’ (সমঝোতা কমিটি) গঠনের মাধ্যমে টেন্ডারবাজি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি কাজী হাফিজুর রহমান ক্ষোভের সঙ্গে বলেন, ‘দরপত্র নিয়ে এসব কী হচ্ছে! দেখার কেউ নেই?’ তিনি মনে করেন, ই-টেন্ডারিং চালু হলে সিন্ডিকেট-টেন্ডারবাজি বন্ধ হবে। সরকারের তদারকি না থাকার কারণেই ক্ষমতাসীন দলের লোকজন এ সুযোগ নিচ্ছে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈফ হাফিজুর রহমান, ফজলুর রহমান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু বলেন, ‘অবৈধ এই সমঝোতা কমিটি গঠন করে যাঁরা ফায়দা লুটছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় সভানেত্রীর দৃষ্টি কামনা করছি।’খোঁজ নিয়ে জানা গেছে, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর নড়াইলের বিভিন্ন সরকারি, আধাসরকারি প্রতিষ্ঠানের দরপত্র নিয়ন্ত্রণে ২১ সদস্যবিশিষ্ট একটি সমঝোতা কমিটি গঠন করা হয়। সংক্ষেপে যার নাম দেওয়া হয়, ‘নেগো-কমিটি’। কমিটির আহ্বায়ক করা হয় জেলা আওয়ামী লীগের সদস্য ঠিকাদার মো. আজাহার উদ্দীনকে। এই কমিটি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ বণ্টনের সময় সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছ থেকে সমঝোতা-তহবিলের নামে কাজের প্রাক্কলিত মূল্যের ১০ শতাংশ টাকা জমা নেয়। এর মধ্যে চার শতাংশ অর্থ দলীয় তহবিলের জন্য, বাকি ছয় শতাংশ শিডিউল ক্রেতাসহ পুলিশ, সাংবাদিকদের মধ্যে বণ্টন করা হয়। জানা গেছে, গঠনের পরপরই তহবিলের পরিমাণ ২৫ লাখ টাকা ছাড়িয়ে যায়। সরকারের দুই বছরে সমঝোতা কমিটির তহবিলে টাকার হিসাবে গরমিল দেখা যায়। এ নিয়ে ২০০৯ সালের ১৮ জুলাই জেলা আওয়ামী লীগের কার্যকরী সভায় ঠিকাদারসহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোসকে আহ্বায়ক করে ১৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ রয়েছে, টেন্ডারবাজির সঙ্গে জড়িত এমন কিছু ব্যক্তির নামও তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও ঠিকাদার কাজী ইসমাইল হোসেন জানান, কোনো দপ্তরে দরপত্র আহ্বায়ন করা হলে, শুধু কমিটির মনোনীতদেরই দরপত্র কিনতে দেওয়া হচ্ছে। এর বাইরের কেউই দরপত্রে অংশ নিতে পারছেন না। দরপত্র দাখিলের আগে সমঝোতা বৈঠকের মাধ্যমে ভাগবাটোয়ারা করা হচ্ছে কাজ। নাম প্রকাশ না করার শর্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সড়ক ও জনপথ (সওজ) বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) একাধিক কর্মকর্তা জানান, সমঝোতা-কমিটি দরপত্র ক্রয় ও দাখিল নিয়ন্ত্রণ করার ফলে কাজ পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা নেই। তাঁরা নিজেদের সুবিধামতো দর দিয়ে দরপত্র দাখিল করছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস সমঝোতা-কমিটির কথা স্বীকার করে বলেন, ‘কয়েকজনের কাছে কয়েক লাখ টাকা পড়ে থাকায়, সেগুলো তদন্ত সাপেক্ষে উদ্ধারের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে।’ নড়াইল-২ আসনের সাংসদ এস কে আবু বাকের ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘নড়াইলে আওয়ামী লীগের কিছু নেতার অশুভ কর্মকাণ্ডের জন্য দলসহ মহাজোটের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। শুনেছি, দলের নাম ভাঙিয়ে তাঁরা ঠিকাদারি কাজ সমঝোতার নামে একটি কমিটি গঠন করেছেন। এভাবেই তাঁরা নিজেদের স্বার্থ হাসিল করছেন।’