সমঝোতা করতে ইউনূসকেই এগিয়ে আসতে হবে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে সরকার প্রস্তুত। তবে এ বিষয়ে মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে।গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব গকুল চাঁদ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বুধবার বিভিন্ন জাতীয় দৈনিকে ‘ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগের খবর নাকচ অর্থমন্ত্রীর’ শিরোনামে প্রকাশিত খবরে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষিত হয়েছে। সংবাদটি সঠিক নয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অর্থমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীকে প্রধান করে কোনো কমিটি হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করেছিলেন। সমঝোতার বিষয়ে নয়।’বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং তা যেদিন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি এবং বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন তাঁর সঙ্গে দেখা করেন, সেদিনই তিনি তা বলে দিয়েছেন। সেই বক্তব্য হলো, “আমরা শুরুতেই একটি সম্মানজনক সমাধান চেয়েছিলাম এবং সেই সুযোগ এখনো খুঁজছি”।’ এতে আরও বলা হয়, ‘প্রাথমিক পর্যায়ে সমঝোতার প্রস্তাব সরকার থেকেই দেওয়া হয়েছিল এবং এটি এখনো বহাল রয়েছে। সরকার এ বিষয়ে প্রস্তুত। তবে, এ ক্ষেত্রে ড. মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে।’এদিকে মুহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।গতকাল বুধবার র্যাডিসন হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সেমিনারে এইচ টি ইমাম বলেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে যে মন্তব্য করেছেন, সেটি তাঁর একান্ত ব্যক্তিগত অভিমত। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ রয়েছে বলে আমি মনে করি না।’মুহাম্মদ ইউনূস বিষয়ে বিদেশি হস্তক্ষেপ হচ্ছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেননি এইচ টি ইমাম।গত মঙ্গলবার ঢাকায় আমেরিকান ক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছিলেন, মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সমঝোতার মাধ্যমে সুরাহা না হলে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। আর সম্মানজনকভাবে বিষয়টির সমাধান হলে হিলারি ক্লিনটনের বাংলাদেশ সফরের আয়োজন সহজ হবে।