সমঝোতা ছাড়া বিতর্কিত বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করলে প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতা ছাড়া বিতর্কিত বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা বিএনপি প্রত্যাখ্যান করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, সরকার খসড়া সংবিধানে মনগড়া ৩১টি অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করেছে। সুপ্রিম কোর্টের রায়ে এগুলো ছিল না। তাই বিএনপি খসড়া সংবিধান প্রত্যাখ্যান করেছে।ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপির নেতা কে এম ওবায়দুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গতকাল মওদুদ আহমদ এসব কথা বলেন। ‘গণতন্ত্রের সিংহ পুরুষ কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ’ এই স্মরণসভার আয়োজন করে।মওদুদ আহমদ বলেন, সংবিধান নিয়ে সরকার চতুর্থমুখী বিভ্রান্তি সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সংসদীয় কমিটি এবং অ্যাটর্নি জেনারেল—একেকজন একেক ব্যাখ্যা দিচ্ছেন। তিনি অভিযোগ করেন, খসড়া সংবিধানে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো অনুমোদন হলে নিম্ন আদালতের বিচারক নিয়োগ-বদলির ক্ষেত্রে প্রধান বিচারপতির নিয়ন্ত্রণ থাকবে না। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির মতামত নেওয়ার প্রক্রিয়াও বন্ধ হয়ে যাবে।বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমিসহ মঞ্চের অনেকেই স্বৈরাচারী এরশাদের মন্ত্রী ছিলাম। যখন বুঝতে পারলাম তখন আসল জায়গায় আসলাম।’ টি এম গিয়াসউদ্দীনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, হামিদুল্লাহ খান, নিতাই রায় চৌধুরী, শাহজাদা মিয়া, শামা ওবায়েদ প্রমুখ।