
সরকার সমঝোতার চেয়ে ‘দুরভিসন্ধিমূলক’ কাজেই বেশি ব্যস্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার ১৮-দলীয় জোটের ডাকা হরতাল শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল এই অভিযোগ করেন। রোববার সকাল থেকে শুরু হয়ে আজ সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হয়। হরতাল শেষে আগামী বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেন মির্জা ফখরুল।
সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সরকারের উদ্দেশ্য ছিল সাজানো নাটক দেখিয়ে সংলাপ-সংলাপ খেলা করবে। সে জায়গায় তারা চলে এসেছে। এর দায় তাদেরই নিতে হবে। তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে দিয়েছি, এ দায়িত্ব সরকারের।’
মির্জা ফখরুল দাবি করেন, ৬০ ঘণ্টার হরতালে সারা দেশে ১৮ দলের ১৮ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে দুই হাজার ৬৩০ জন, সাত হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন এবং ৮২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। হরতালে হত্যা-গ্রেপ্তার-হামলা-মামলার প্রতিবাদে বৃহস্পতিবার দেশে সব মহানগর, জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ এবং পরদিন সারা দেশে নিহত ব্যক্তিদের গায়েবানা জানাজা কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল।
হরতালে নিহত ব্যক্তিদের শহীদ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শহীদের রক্ত বৃথা যেতে পারে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে দাবি করে এ জন্য তিনি সবাইকে খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানান।
বিএনরি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকা ও সদস্যসচিব এম এ সালামের বাড়িতে সরকারি দল হামলা করেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের কেন্দ্রীয় নেতাদের বাড়িতে হামলার যথাযথ উত্তর দিতে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না।
মির্জা ফখরুল জানান, বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। পরদিন জুমার নামাজের পর হরতালে নিহত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। আর ঢাকায় ঢাকায় নয়াপল্টনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে আসরের নামাজের পর। পরবর্তী কর্মসূচি দলের স্থায়ী কমিটি ও ১৮ দলের বৈঠকের পর ঘোষণা করা হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।