সমঝোতা না হওয়ায় আটকে গেছে ভবনের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা না হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী পৌর ভবনের নির্মাণকাজ আটকে গেছে। বিষয়টি সমাধানের জন্য এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।
পৌরসভা ও সংশ্লিষ্ট ব্যবসায়ী সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে পৌরসভার কার্যক্রম শুরু হয়। তখন থেকেই উপজেলা পরিষদের চত্বরে একটি ভবনে ভাড়ায় পৌরসভার কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৌরসভার সাবেক মেয়র আবদুল হালিম ২০০০ সালে ইউনিয়ন পরিষদের সঙ্গে করা এক চুক্তির বলে তারাগঞ্জ উত্তর বাজার এলাকায় স্থানীয় পাবলিক হল মিলনায়তনের বিপরীতে বাঘবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭৪ শতাংশের একটি পুকুর ভরাট করে সেখানে কাঁচাবাজার স্থাপন করেন। সেখানে ৭৭ জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেওয়া হয়। ২০০৮ সালে ১০ নভেম্বর ওই স্থানে তিনি পৌর ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জমি নিয়ে পৌরসভার সঙ্গে বাঘবেড় ইউপির সমঝোতা না হওয়ায় দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকে।
গত বছর মন্ত্রণালয় এক চিঠিতে জানায়, নিয়ম অনুযায়ী ভরাট করা ওই পুকুরের জায়গা এখন পৌরসভার। গত বছর পৌর ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ২ কোটি ৮৩ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়।
গত বছর ২ জুলাই মেয়র মো. আনোয়ার হোসেন সভা করে সেই স্থানে ৭৪ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমির ওপর তিনতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন। গত ২৭ জানুয়ারি দরপত্র বাছাই শেষে ২ কোটি ৮০ লাখ টাকার কাজটি পায় শেরপুরের দ্রুব এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৪ মে কার্যাদেশও দেওয়া হয়। কিন্তু ওই ব্যবসায়ীদের সঙ্গে পৌরসভার সমঝোতা না হওয়ায় গত ১৯ মার্চ তাঁরা (ব্যবসায়ী) কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কাছে যান। এ সময় ব্যবসায়ীরা কৃষিমন্ত্রীর কাছে তাঁদের দোকানের জায়গার বাইরে পৌর ভবন করার দাবি জানান। কৃষিমন্ত্রী বিষয়টি সমাধানের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে দায়িত্ব দেন। এরপর দুই মাসেও বিষয়টি সমাধান না হওয়া আটকে গেছে ভবন নির্মাণের কাজ।
পৌর কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নুর মোহাম্মদ বলেন, ‘১০৭ জন ব্যবসায়ীর পক্ষ থেকে আমরা মতিয়া আপার কাছে গিয়েছিলাম। তিনি বিষয়টি সমাধানের জন্য চন্দন কুমার পালের কাছে দায়িত্ব দিয়েছেন। আমরা তাঁর সঙ্গেও দেখা করেছি। তিনি এসে বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন। কিন্তু এখনো আসেন নাই।’
ঠিকাদার হাবিবুর রহমান বলেন, ‘পৌরসভা জমি বুঝিয়ে দিতে না পারায় কাজ শুরু করতে পারছি না। জমি পেলেই কাজ শুরু করা হবে।’
মেয়র মো. আনোয়ার হোসেন জানান, পৌরবাসী ও কাউন্সিলরদের উপস্থিতিতে সভায় ৭৭ জন ব্যবসায়ীর দোকানের বন্দোবস্ত করে ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের আপত্তি থাকায় মন্ত্রী মহোদয় সমস্যা সমাধানের জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে তাঁর সঙ্গে দেখা করা হয়েছে। দেখা যাক তিনি কী করেন।
চন্দন কুমার পাল বলেন, ‘পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। সামনে জেলা আওয়ামী লীগের সম্মেলন থাকায় ব্যস্ত আছি। সম্মেলন শেষে পৌরবাসী, ব্যবসায়ী, আওয়ামী লীগের নেতা-কর্মী ও পৌর প্রশাসনের সঙ্গে বসে বিষয়টি দেখা হবে। আমি চাই পৌর ভবনও হোক, সেই সঙ্গে প্রকৃত ব্যবসায়ীদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হোক।’