সমঝোতা না হওয়ায় উচ্ছেদ আতঙ্কে আদিবাসীরা
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাইপুঞ্জির আদিবাসীদের মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। গত বুধবার উপজেলা প্রশাসন ও ঝিমাইপুঞ্জিবাসীর মধ্যে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
ঝিমাইপুঞ্জি (আদিবাসী গ্রাম) সূত্রে জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের ঝিমাইপুঞ্জি এবং ঝিমাই চা-বাগানের মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষ পুঞ্জি এলাকায় কাটার জন্য গাছ চিহ্নিত (মার্কিং) করতে শুরু করলে পুঞ্জিবাসীর মধ্যে উচ্ছেদ আতঙ্কের সৃষ্টি হয়। গত শনিবার পুঞ্জি এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে খুঁটি গেড়ে পুঞ্জি ও চা-বাগানের সীমানা চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় তিনটি খুঁটি স্থাপন করা হলে পুঞ্জির আদিবাসীরা বাধা দেন। এতে সীমানা চিহ্নিত করার কাজ বন্ধ হয়ে যায়।
এ নিয়ে গত শনিবার উপজেলা প্রশাসন ও আদিবাসী নেতাদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসন, চা-বাগান কর্তৃপক্ষ ও আদিবাসী নেতাদের মধ্যে পুনরায় বৈঠক হয়। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে ঝিমাইপুঞ্জিতে বসবাসরত প্রতিটি আদিবাসী পরিবারকে দুই একর করে জমি প্রদানের প্রস্তাব করা হয়। কিন্তু আদিবাসীরা তিন একর করে জমি ও সমঝোতা চুক্তিটি সরকারিভাবে করার দাবি করেন। প্রশাসন ওই প্রস্তাবে রাজি না হওয়ায় বৈঠকটি সমঝোতা ছাড়াই শেষ হয়। এ কারণে পুঞ্জিবাসীর মধ্যে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে।
পানপুঞ্জি সংগঠন কুবরাজ আন্তপুঞ্জি সংস্থার সাধারণ সম্পাদক ও আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং জানান, প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি স্থায়ী নয়। এতে ভবিষ্যতে সমস্যা হবে। এ রকম চুক্তি হলে চুক্তির পর পরই পুঞ্জির জুম (পানের বাগান) চা-বাগানের দখলে চলে যাবে। তাই তাঁরা তিন একর করে জায়গা দিয়ে চুক্তিটি স্থায়ীভাবে করার জন্য বলেছেন। সমঝোতা না হওয়ায় তাঁরা সবাই উচ্ছেদ আতঙ্কে ভুগছেন।
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমাদের প্রস্তাবে তাঁরা সম্মত হয়নি। আমি বৈঠকের কথা সরকারকে জানিয়েছি। সমঝোতার শেষ চেষ্টা চালাচ্ছি।’