আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিকে দ্রুত সমঝোতায় আসার তাগাদা দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। অন্যথায় দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে দেশে অরাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন।গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রবীণ সাংবাদিক এবিএম মূসা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আসিফ নজরুল এ আশঙ্কার কথা জানান।‘আসন্ন নির্বাচন: সমঝোতা না সংঘাত’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল।এবিএম মূসা বলেন, নির্বাচন নিয়ে সমঝোতা হবে, না সংঘাত হবে; তা নিয়ে মাথা ঘামানোর আগে নির্বাচন হবে কি না, তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘নির্বাচন আদৌ হবে কি না, তা নিয়ে আমার সংশয় আছে। ক্ষমতাসীনেরা নির্বাচন করবেন কি না, করলে কীভাবে ক্ষমতায় থাকা যাবে তার ছক বাঁধছেন; প্রশাসনের বিন্যাস করছেন। যদিও ছক বেঁধে কোনো লাভ হবে না। আমি নির্ভর করে বসে আছি মানুষ কখন জাগবে।’এবিএম মূসা আরও বলেন, ‘পাঁচ মিনিটে বাকশাল হতে পারলে সংবিধান সংশোধন করে তিন মিনিটে চলমান সংকটের সমাধান কেন হতে পারবে না?’ তিনি বলেন, ‘এক-এগারো নিয়ে অনেকে জুজুর ভয় দেখাচ্ছেন। এতে সাধারণ মানুষের কী? যাদের পাছায় বেত মারা হয়েছে, তাদের মধ্যে এ নিয়ে এত আশঙ্কা, ভয়।’সৈয়দ আবুল মকসুদ গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা বিলোপ এবং বিএনএফকে নিবন্ধন দেওয়ার বিষয়ে প্রভাবিত হওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেন। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা ছাড়া ভালোভাবে নির্বাচন হবে না। দুই দল সমঝোতায় এলেও রাষ্ট্রপতির উচিত অন্তত দুজন নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়া।ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আগামী নির্বাচন নিয়ে যে সংকট চলছে, তার উত্তরণে নাগরিক সমাজকে প্রতিনিয়ত দুটি সর্বজনীন আকাঙ্ক্ষার কথা বলে যেতে হবে এবং এর জন্য চাপ সৃষ্টি করতে হবে। আকাঙ্ক্ষা দুটি হচ্ছে—সব দলের অংশগ্রহণ এবং একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘এক-এগারোর অভিজ্ঞতায় বলতে পারি, রাজনীতিবিদেরা নিজেদের বলীয়ান করেছেন। নাগরিক সমাজ তাঁদের অনুসারী হয়েছেন। তাই এ মুহূর্তে নাগরিক সমাজ রাজনীতিবিদদের এজেন্ডা নিয়েই ব্যস্ত আছে।’ তাঁর মতে, নাগরিক সমাজ বর্তমান সংকট নিরসনে সমাধানের রূপরেখা তৈরি করতে পারে।অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘বিচারপতি কে এম হাসান ৩০ বছর আগে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন বলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ তাঁকে মানেনি। আর, যিনি এখনো আওয়ামী লীগ করছেন এবং আওয়ামী লীগের সব দণ্ডমুণ্ডের কর্তা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা), তাঁকে বিএনপি কীভাবে নির্বাচনকালীন সরকারপ্রধান হিসেবে মানবে? তিনি মনে করেন, আওয়ামী লীগ ও বিএনপি চাইলে সংবিধানের মধ্য থেকেই বর্তমান সংকটের সমাধান করা সম্ভব।’আলোচনাটি সঞ্চালনা করেন সাংবাদিক গোলাম মোর্তোজা। আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদও এতে উপস্থিত ছিলেন।