সমঝোতা না হলে তৃতীয় শক্তির হস্তক্ষেপের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকালীন সরকার নিয়ে সমঝোতা না হলে তৃতীয় কোনো পক্ষের শক্তির হস্তক্ষেপ হতে পারে বলে রংপুরে বিবিসি বাংলাদেশ সংলাপে জনগণ আশঙ্কা ব্যক্ত করেছেন।
গত শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপের ৩৮তম পর্ব অনুষ্ঠিত হয়। সংলাপে প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব, জাতীয় পার্টির রংপুর জেলা সভাপতি মসিউর রহমান, পল্লি উন্নয়ন কেন্দ্রের কর্মসূচি পরিচালক মুশফিকা রাজ্জাক।
দুই প্রধান দলের মধ্যে সমঝোতা না হলে তৃতীয় শক্তির আশঙ্কা রয়েছে কি না—দর্শকদের এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশে নির্বাচন হবে। এখানে কোনো সমঝোতার বিষয় নয়। আর তৃতীয় শক্তি কোনো সাংবিধানিক শক্তি নয়।
আসাদুল হাবিব বলেন, ‘তৃতীয় শক্তির আশঙ্কা আমরা নই, এটা সরকারই বারবার করছে। আমি মনে করি, ১০ মিনিটের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব।’
মসিউর রহমান বলেন, দেশের ৯০ ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চাইছে। তাই দুই দলের সমঝোতায় এটি মেনে নেওয়া উচিত।
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মহাজোটে থাকা না-থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘তাদের সঙ্গে আমরা নির্বাচন করেছিলাম একটি দুঃশাসনের প্রেক্ষাপটে। জাতীয় পার্টি আবারও যদি তাই চায়, তবে মহাজোটের সঙ্গে থাকবে।’