সমঝোতা না হলে সংঘাত অনিবার্য: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে সমঝোতার কোনো আশা দেখা যাচ্ছে না। সমঝোতা না হলে সংঘাত অনিবার্য। শেষ পর্যন্ত সরকার সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নেবে বলে আশা করছেন তিনি।গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। দলের আন্দোলনের কর্মসূচি বিষয়ে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।মির্জা ফখরুল সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনুন। অন্যথায় যে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তার সৃষ্টি হবে, এর পুরো দায় সরকারকেই নিতে হবে।’এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়। এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, মাঝেমধ্যে সৈয়দ আশরাফ চাপে পড়ে এমন কথা বলেন। সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই। সংলাপ ছাড়া রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে না। সৈয়দ আশরাফই এ কথা বলেছিলেন।