সমঝোতা বৈঠক ব্যর্থ, বোরোর মাঠ ফেটে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরু-দাসপুর উপ-জেলার চলনবিলে রোপণ করা শত বিঘা জমির ফসল রক্ষার জন্য গ্রামবাসীকে নিয়ে প্রশাসনের সমঝোতা বৈঠক ব্যর্থ হয়েছে। ফলে সেচের অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। রোদে পুড়ে মরছে বোরো ও ভুট্টার ফসল।উপজেলার বিলসা গ্রামে গত ৩ ফেব্রুয়ারি শাহ আলম নামে এক ব্যক্তি খুন হন। এক মাসেও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযুক্ত আসামি ও তাঁর স্বজনদের বোরো ও ভুট্টার খেতে সেচ বন্ধ করে দেয় গ্রামের মানুষ। এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘ক্ষোভের আগুনে পুড়ছে শত বিঘা জমির ফসল’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।পরে গুরুদাসপুর ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসন যৌথভাবে গত মঙ্গলবার বিলসা গ্রামের মানুষের সঙ্গে সমঝোতা বৈঠকে বসে। খুবজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিবেচনা করার কথা বলা হলে গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তা নাকচ করে দেয়।গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন জানান, গ্রামবাসীর দাবি, শাহ আলম হত্যা মামলার আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযুক্ত ও তার স্বজনদের জমিতে সেচ দিতে দেওয়া হবে না। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর জানান, বেলা দুইটা থেকে সোয়া তিনটা পর্যন্ত বৈঠক চলে। গ্রামবাসীকে বুঝিয়েও সেচকাজ শুরু করার অনুমতি পাওয়া যায়নি। ফসল বাঁচানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।