সমঝোতা, ভাঙ্গায় নৌকাবাইচ রোববার
বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কুমার নদে আগামী রোববার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি করা নিয়ে বিরোধ মেটাতে গত সোমবার সন্ধ্যায় উপজেলা সম্মেলনকক্ষে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। সেখানে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, এ বছর সংরক্ষিত মহিলা সাংসদ নিলুফার জাফর উল্যাহ প্রধান অতিথি হবেন। আগামী বছর অনুষ্ঠানে প্রধান অতিথি করা হবে ফরিদপুর-৪ আসনের সাংসদ (স্বতন্ত্র) মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাজী ফয়সাল। এ সময় উপস্থিত বিবাদমান দুই পক্ষের ২০ জন সদস্য এই সিদ্ধান্তের বিষয়ে স্বাক্ষর করেন।
এর আগে উভয় পক্ষই মাইকিং করছিল। কিন্তু এ সমঝোতার পর সাংসদ মজিবুর রহমানের সমর্থক ভাঙ্গার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেনের নির্দেশিত মাইকিং গত সোমবার রাত থেকে বন্ধ হয়ে যায়।
জানতে চাইলে ভাঙ্গার চেয়ারম্যান সাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মজিবুর রহমান চৌধুরী এলাকার নির্বাচিত সাংসদ। তাঁর প্রতি জনগণের প্রত্যাশা বেশি। তাই আমরা তাঁকেই প্রধান অতিথি করার পক্ষে ছিলাম। আমরা বাধা দিলে এ নৌকাবাইচ হতো না। তবে এলাকার মানুষের কথা বিবেচনা করে আমরা ছাড় দিয়েছি।’
বিশ্বকর্মা পূজা উপলক্ষে ভাদ্র মাসের শেষ দিন (পঞ্জিকা মতে) ভাঙ্গা উপজেলা সদরে কুমার নদে দেড় শতাধিক বছর ধরে এ নৌকাবাইচের আয়োজন করা হচ্ছে। বিশ্বকর্মা পূজা উদ্যাপন কমিটি ও ভাঙ্গা বাজার বণিক সমিতি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।