সমঝোতা ভেস্তে গেল, নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন স্থগিত করা হয়েছে। প্রায় সাড়ে চার মাস ধরে সরকার-সমর্থক ও সরকারবিরোধী দুই ফোরামের সমঝোতার চেষ্টা ভেস্তে যাওয়ার পর ক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকার কথা উল্লেখ করে গত রোববার ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ভোট আয়োজনে অপারগতা প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা ডেকে গতকাল সোমবার নির্বাচন ও দ্বিবার্ষিক সভা স্থগিত করে। ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ওই সভায় সভাপতিত্ব করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ জানান, আলোচনা সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি নতুন তফসিল ঘোষণা করবে। ক্লাবের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকেলে ক্লাবের কয়েকজন সদস্য এক সভায় মিলিত হয়ে জরুরি ভিত্তিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে ২৯ মে নির্বাচন অনুষ্ঠানের জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সদস্য ও প্রার্থী মাহফুজুল হক খান।
গত ৩০ ডিসেম্বর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। এরপর তিনবার তারিখ হলেও নির্বাচন হয়নি। তবে সর্বশেষ সমঝোতার ভিত্তিতে কমিটির ১৭টি পদ ভাগাভাগি হয়। ১০টি পদ নেয় বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম, সাতটি সরকার-সমর্থক ফোরাম। এর বাইরে আওয়ামী লীগ-সমর্থকদের একটি অংশ এবং বিএনপি-সমর্থকদের একটি অংশ আলাদা প্যানেল জমা দেয়। দুই দলের সমর্থকদের বাইরেও আরেকটি প্যানেল হয়েছে। সব মিলিয়ে এ বছর বিপুলসংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
দুই প্রধান দল সমর্থকদের সমঝোতার প্যানেলে সভাপতি পদে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন গাজী প্রার্থী হয়েছিলেন। বিএনপি-জামায়াত ফোরাম রুহুল আমিন গাজীকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিলেও বিএনপি-সমর্থক প্রায় সব সাংবাদিক বিদ্রোহ করেন। আওয়ামী লীগ-সমর্থক গুটি কয়েক সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে মেনে নিলেও ওই ফোরামের বেশির ভাগ নেতা-সমর্থক এটা মেনে নেননি।
জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব বেশ কয়েক বছর ধরেই বিএনপি-সমর্থকদের নিয়ন্ত্রণে। ২০১৩ সালের সর্বশেষ নির্বাচনে কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদের নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে ১১টি পদে তারা বিজয়ী হয়।