সমঝোতা হলে মেয়াদ শেষেও ভোটে 'না' নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সমঝোতা হলে সরকারে মেয়াদপূর্তির পরবর্তী তিন মাসের মধ্যেও ভোটের তারিখ নির্ধারণ করা হলে তাতে আপত্তি নেই বিএনপির। তবে সমঝোতা না করে কেবল সরকারের মেয়াদ বাড়ানোর জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা মানবে না দলটি।

বিএনপি বলেছে, সমঝোতার মাধ্যমে সংবিধান সংশোধন করা হলে তাতে সহায়তা করবে দলটি। এ জন্য আলোচনা বা সংলাপের প্রয়োজন হলে তাতেও অংশ নেবে।

তবে বিএনপির নীতিনির্ধারকেরা আশঙ্কা করছেন, সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানের ফাঁকফোকর খুঁজছে। এ লক্ষ্যে গত শুক্রবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদের ইন্দিরা রোডের বাসায় আওয়ামী লীগ ও সরকারের কয়েকজন জ্যেষ্ঠ নীতিনির্ধারক বৈঠক করেন বলে বিরোধী দলের নেতারা মনে করেন। ওই বৈঠকে সংসদের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব কি না, মেয়াদ শেষের পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করলে সংবিধান সংশোধন করতে হবে কি না, মেয়াদ শেষ হওয়ার আগের তিন মাসের মধ্যে নির্বাচন হলে দল বা সরকারের জন্য কতটুকু ভালো হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এদিকে বিএনপি নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন করছে। আর সরকার বলছে তাদের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধানঅনুযায়ী ২৭ অক্টোবর থেকে ২০১৪ সালের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। শুক্রবার রাতের বৈঠকের খবর প্রকাশের পর বিএনপির নেতারা মনে করছেন, সরকার এখন পাঁচ বছর মেয়াদ শেষ করে পরবর্তী তিন মাসের মধ্যে তাদের অধীনেই নির্বাচন করার কথা ভাবছে। সংবিধান সংশোধন ছাড়াই এটা করতে চাইছে।

নির্বাচনের সময় নিয়ে সরকারের নতুন ভাবনাকে ‘ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার চক্রান্ত শুরু করেছে। তারা সংবিধানে অনেক অস্পষ্টতা রেখেছে। সে অস্পষ্টতার মধ্য দিয়ে তারা ক্ষমতাকে আরও দীর্ঘ করতে চায়। এই ‘অপচেষ্টা’ প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে বিরোধী দলের সঙ্গে সমঝোতা না করে মেয়াদপূর্তির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করার চিন্তা জনগণের সঙ্গে ‘প্রতারণার’ শামিল বলেও দাবি করেছেন বিএনপির একাধিক নেতা। কেননা সংবিধানে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিন আগে পরবর্তী নির্বাচনের কথা বলা হয়েছে। তা ছাড়া প্রধানমন্ত্রীও এর আগে জাতীয় সংসদে বলেছেন, মেয়াদের ৯০ দিন আগে সংসদ ভেঙে দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ পারে না এমন কোনো কাজ নেই। এবার তারা জনগণের সঙ্গে প্রকাশ্যে প্রতারণা করার চেষ্টা করছে। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য ভালো হলে মেয়াদপূর্তির পর নির্বাচন দিলে বিএনপির আপত্তি থাকবে না। আগে এমনটাই ছিল। তবে বিরোধী দলের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো সমঝোতায় না পৌঁছে কেবল ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হলে বিএনপি তা মানবে না।