সমঝোতা হয়নি, চেক প্রত্যাখ্যান অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে জেলা প্রশাসনের গতকাল বৃহস্পতিবারের বৈঠকে সমঝোতা হয়নি। বৈঠকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ২৪ কোটি টাকার চেক দেওয়ার প্রস্তাব করা হয়। তবে তা গ্রহণ করেননি ক্ষতিগ্রস্তরা। পুরো টাকার দাবিতে তারা অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে।দিনাজপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্ষতিগ্রস্তদের মধ্যে গতকাল দুপুর সাড়ে ১২টায় খনির প্রশিক্ষণকেন্দ্রে ওই সমঝোতা বৈঠক শুরু হয়। বৈঠক চলে দুপুর দেড়টা পর্যন্ত। বৈঠকে উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় ছিল। ফলে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।বৈঠকে দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল ইসলাম, এনডিসি তোফাজ্জল হোসেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম ও জেলা ভূমি হুকুমদখল কর্মকর্তা আবদুল হালিম অংশ নেন। আর ক্ষতিগ্রস্তদের পক্ষে বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিলের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।বৈঠক শেষে ইব্রাহিম খলিল সাংবাদিকদের বলেন, দিনাজপুর জেলা প্রশাসনের হিসাব ধরলেও ক্ষতিপূরণ বাবদ তারা আরও ৪৮ কোটি টাকা পাবে। অথচ জেলা প্রশাসন বৈঠকে আপাতত মাত্র ২৪ কোটি টাকার চেক দেওয়ার প্রস্তাব দেয়। এ কারণে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৪৮ কোটি টাকার পুরোটাই একসঙ্গে না দেওয়া পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে।বৈঠকে অংশ নেওয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯৬৫টি চেকের বিপরীতে ২৩ কোটি ৮৯ লাখ ৮৪ হাজার ৫২৩ টাকা বিতরণের জন্য নিয়ে আসা হয়েছিল। তবে ক্ষতিগ্রস্ত লোকজন তা গ্রহণ করেনি। তারা পুরো টাকা দাবি করায় ওই চেক বিতরণ করা সম্ভব হয়নি।এলাকার ক্ষতিগ্রস্ত কয়েক শ নারী-পুরুষ বড়পুকুরিয়া কয়লাখনির ১ নম্বর ফটকের সামনের রাস্তায় তাঁবু ফেলে ১৮ জুন থেকে অবস্থান ধর্মঘট পালন করে আসছে। প্রথমে পাঁচ দিনের কর্মসূচি দেওয়া হয়। পরে আরও পাঁচ দিন বাড়ানো হয়। আর গতকাল অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।