সমঝোতার অপেক্ষায় ইসি

দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা চায় নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ কথা বলেছেন।
সিইসি সাংবাদিকদের বলেন, ‘আপনারাই তো খবর দিয়েছেন, বড় দুই দলের মধ্যে একটা সমঝোতা হচ্ছে। সারা দেশের মানুষ সমঝোতা চায়। আমরাও চাই সমঝোতা হোক। সুতরাং সমঝোতার জন্য কি সময় দেওয়া উচিত নয়?’
তবে কমিশন সচিবালয় সূত্র জানায়, আজ থেকে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য শতভাগ প্রস্তুতি কমিশন সচিবালয়ের আছে। সর্বশেষ প্রস্তুতিমূলক কাজ হিসেবে গতকাল নির্বাচনের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ হয়েছে। নির্বাচন কমিশন উদ্যোগী হয়ে গেজেট আকারে প্রকাশের ব্যবস্থা করেছে।
তফসিল সম্পর্কে কাজী রকিব উদ্দীন বলেন, ‘আমরা চাই সমঝোতা হোক। সব দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন হোক, এটাই দেশবাসীর চাওয়া। তফসিল ঘোষণার সময় এখনো শেষ হয়ে যায়নি। এ বিষয়ে এখনো কমিশনের বৈঠক হয়নি। কবে বৈঠক হবে তাও ঠিক হয়নি। বৈঠক বা সিদ্ধান্ত হলে সেটা জানিয়ে দেওয়া হবে। এটা কাল হতে পারে, পরশুও হতে পারে।’
সোমবারের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজ যে কথা বলেছিলেন, সে বিষয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেব।’
তফসিল ঘোষণার জন্য কমিশন কি দুই দলের সমঝোতা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে—জানতে চাইলে সিইসি বলেন, ‘অপেক্ষা করব না। কারণ, আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন করার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। তবে পর্যাপ্ত সময় হাতে রেখেই তফসিল ঘোষণা করা হবে।’
কমিশন সচিবালয় সূত্র জানায়, তফসিল ঘোষণার প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশনার আবদুল মোবারক গতকাল সকালে সংশোধিত আচরণবিধি নিয়ে সশরীরে আইন মন্ত্রণালয়ে যান। সেখানে আচরণবিধিটি গেজেট আকারে প্রকাশের আনুষ্ঠানিকতা সেরে তিনি কমিশনে ফেরেন। বিকেলে আচরণবিধি ছাপার জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হয় এবং সন্ধ্যার পর গেজেট কমিশনে পৌঁছে। যে কারণে তফসিল ঘোষণার ব্যাপারে আপাতত আইনি কোনো সীমাবদ্ধতা নেই।
আচরণবিধি নিয়ে গতকাল সকাল থেকে কমিশনের তৎপরতার কারণে গতকাল দুপুর থেকে গুজব রটে যায়, বিকেল নাগাদ তফসিল ঘোষণা হতে পারে। কিন্তু সন্ধ্যার পর কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক জানান, তফসিল ঘোষণার বৈঠক আয়োজনের জন্য কমিশন থেকে গতকাল পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি।
কমিশন সচিবালয় সূত্র জানায়, শুক্রবার চাঁদপুরে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহ নেওয়াজের ঘোষণাকে কেন্দ্র করে গতকাল সিইসির কক্ষে অন্য কমিশনাররা অসন্তোষ প্রকাশ করেছেন। দুপুরের পর অন্য কমিশনাররা সিইসির কক্ষে থাকলেও শাহ নেওয়াজ সেখানে ছিলেন না। অন্য কমিশনারদের সমালোচনায় শাহ নেওয়াজও মনঃক্ষুণ্ন হন। পরে সচিব মোহাম্মদ সাদিক এসে শাহ নেওয়াজকে সিইসির কক্ষে নিয়ে যান।
অনানুষ্ঠানিক এই বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে অনুষ্ঠিত বৈঠক নিয়ে আলোচনা হয়। বৈঠকে কমিশনাররা মত দেন, দুই দলের মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কি না, সে বিষয়টি নিশ্চিত হতে হবে। যদি সমঝোতার সম্ভাবনা থাকে, সে ক্ষেত্রে তফসিল ঘোষণা দু-চার দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। আর সমঝোতার সম্ভাবনা না থাকলে বিলম্ব না করে তফসিল ঘোষণা করা হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, গতকাল বিকেলে কমিশনের বৈঠকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ নিয়ে আলোচনা হয়। রেওয়াজ অনুযায়ী এবারও জেলা প্রশাসকেরা রিটার্নিং এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তবে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কয়েকজনকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়ার দাবি করেছেন। তাঁরা এই দাবিসহ অন্যান্য দাবিতে ২৭ নভেম্বর কালো ব্যাজ ধারণ করবেন। কিন্তু গতকালের বৈঠকে কর্মকর্তাদের এই দাবি সম্পর্কে কোনো মতামত দেওয়া হয়নি।