সমঝোতার উদ্যোগ নেওয়ার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গতকাল বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ  ছবি: প্রথম আলো
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গতকাল বঙ্গভবনে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ছবি: প্রথম আলো

সব দলের অংশগ্রহণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সংলাপ ও সমঝোতার পথে আনতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপি রাষ্ট্রপতিকে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থেকে যে একতরফা নির্বাচন করতে যাচ্ছেন, তাতে তাদের নেতৃত্বাধীন জোট অংশ নেবে না।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার ও বিরোধী—দুই পক্ষকেই সংলাপের উদ্যোগ নিতে হবে। তিনি বিরোধী জোটের দাবি সরকারের কাছে তুলে ধরবেন এবং তাঁর সাংবিধানিক ক্ষমতার মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন বলে বিরোধী দলকে আশ্বস্ত করেন। আলোচনা ও সংলাপের মাধ্যমে সংকট নিরসন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে। স্পিকার থেকে রাষ্ট্রপতি হওয়ার পর আবদুল হামিদের সঙ্গে খালেদা জিয়ার এটিই প্রথম সাক্ষাৎ। বিএনপি রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান বর্জন করেছিল এবং আনুষ্ঠানিকভাবে তাঁকে অভিনন্দনও জানায়নি।

এর আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আমন্ত্রণে খালেদা জিয়া বঙ্গভবনে গিয়েছিলেন। সেখানেও তিনি ‘তত্ত্বাবধায়ক সরকারের’ দাবি জানিয়েছিলেন।

গতকালের বৈঠকের পর বঙ্গভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা ১৮ দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বর্তমান রাজনৈতিক সংকট তুলে ধরেছি। অচলাবস্থা নিরসনের লক্ষ্যে রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি। একটি সংলাপ ও সমঝোতার উদ্যোগ গ্রহণের জন্যও আমরা মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানিয়েছি।’

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও ১৮-দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার বিষয়টি পর্যালোচনা করা হয়।

ওই বৈঠকের একটি সূত্র জানিয়েছে, পর্যালোচনায় নেতারা বলেছেন, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তাই এই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হয়ে যাবে—এমনটি বিএনপি ও জোট আশা করে না। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার মাধ্যমে সংকট সমাধানে তাদের আন্তরিকতা জাতির সামনে তুলে ধরেছে। গুলশানের বৈঠকে নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত হয়। সংকট সমাধানে অগ্রগতি না হলে আগামী সপ্তাহে নতুন কর্মসূচি দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

এই বৈঠক শেষে আবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক: খালেদা জিয়া গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় বঙ্গভবনে পৌঁছান। সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠকের সময় পুনর্নির্ধারিত থাকায় তিনি বঙ্গভবনের বাইরে প্রায় ৩০ মিনিট অপেক্ষা করেন। সোয়া ছয়টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। তাঁদের ভিআইপি অভ্যর্থনাকক্ষে বসানো হয়। এরপর সাড়ে ছয়টার দিকে খালেদা জিয়া দরবার হলের দিকে এগিয়ে গেলে রাষ্ট্রপতি দরবার হলের দরজার কাছে এসে তিনিসহ প্রতিনিধিদলের সদস্যদের অভ্যর্থনা জানান। কুশলবিনিময়ের পর আলোচনা শুরু হয়।

প্রায় এক ঘণ্টা চলে এই আলোচনা। বৈঠকে ১৮ দলের পক্ষে রাষ্ট্রপতির কাছে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। লিখিত বক্তব্যের পর রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতার মধ্যে কথোপকথন হয়।

বৈঠকে উপস্থিত সূত্র প্রথম আলোকে জানায়, খালেদা জিয়া রাষ্ট্রপতিকে বলেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। এই অবস্থায় রাষ্ট্রপতির ভূমিকা রাখা উচিত। জবাবে রাষ্ট্রপতি বলেন, আপনারা দুই দল দুবার করে ক্ষমতায় ছিলেন। সেই সুযোগ তো রাখেননি। মন্ত্রিপরিষদ সচিব যা লিখে দেন, তাই রাষ্ট্রপতিকে বলতে হয়।

এ পর্যায়ে খালেদা জিয়া বলেন, বিএনপির পক্ষ থেকে সংলাপের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে চিঠি দেওয়া হয়েছিল। তিনি সেই চিঠির জবাব দেননি। রাষ্ট্রপতি বলেন, বিষয়টি জানব।

এরপর খালেদা জিয়া রাষ্ট্রপতিকে বলেন, সরকার একতরফা নির্বাচন করতে চায়। এ ধরনের নির্বাচনে তাঁরা অংশ নেবেন না। নির্বাচন করতেও দেবেন না।

১৮-দলীয় জোটের লিখিত বক্তব্যে বিএনপির দাবি ও আন্দোলনের পূর্বাপর তুলে ধরা হয়। তুলে ধরা হয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আওয়ামী লীগের আন্দোলনের প্রসঙ্গও।

বলা হয়, মহাজোট ক্ষমতায় থেকে, জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন অনুষ্ঠানের যে আয়োজন করছে, তা অসম প্রতিযোগিতার জন্ম দেবে এবং সব পক্ষের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন, বেসামরিক ও পুলিশ প্রশাসনকে দলীয়করণ করায় কেউ-ই বিশ্বাস করবে না, দেশে সুষ্ঠু নির্বাচনের সুযোগ আছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি এবং সংলাপের মাধ্যমে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এসেছে। কিন্তু সরকার সব উপেক্ষা করেছে। এ অবস্থায় রাষ্ট্রের অভিভাবক হিসেবে তারা রাষ্ট্রপতির কাছে এসেছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘আপনি সরকারকে বলুন, তারা যেন অবিলম্বে সংঘাত, হানাহানি ও হিংস্রতার পথ পরিহার করে সংলাপের একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সমঝোতার পথে এগিয়ে যায়।’

নির্বাচনকালীন সরকারের নামে মহাজোটের সদস্যদের নিয়েই মন্ত্রিসভা পুনর্গঠন করে সংকটকে আরও তীব্রতর করা হয়েছে বলে বিরোধী জোট অভিযোগ করে। তারা বলেছে, অতীতের এসব তিক্ত ও নৃশংস রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এটা সুস্পষ্ট যে, প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর মধ্যে সমঝোতা ও ঐকমত্য প্রতিষ্ঠা ছাড়া সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। জাতির এই প্রয়োজনে জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে এখনো সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে বিএনপি।

লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান এবং সেখানে না যাওয়ার বিষয়ে ১৮-দলীয় জোটের অবস্থান রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। তাঁরা রাষ্ট্রপতিকে জানান, প্রধানমন্ত্রী তাঁর অধীনে একটি মন্ত্রিসভায় বিরোধী দল থেকে কিছু সদস্য অন্তর্ভুক্ত করার একটি প্রস্তাব বিএনপি জোটকে দেন। তিনি তাঁর সেই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের নেতাকে হরতালের কর্মসূচি প্রত্যাহার করে একটি নির্দিষ্ট তারিখে গণভবনে যাওয়ার শর্তযুক্ত আমন্ত্রণ জানান। বিরোধীদলীয় নেতা তাঁর সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং হরতালের পর যেকোনো দিন আমন্ত্রণ জানালে তাতে তিনি যোগদানের ব্যাপারে সম্মতি দেন। তিনি বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য তিনি আলোচনায় সম্মত আছেন। তারপর প্রধানমন্ত্রীর তরফ থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এরপর ব্যবসায়ী নেতারা দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর প্রস্তাব করলে তাতে বিরোধীদলীয় নেতা সম্মতি দিলেও প্রধানমন্ত্রী সাড়া দেননি।

বিএনপি অভিযোগ করেছে, সরকার দেশে প্রায় জরুরি অবস্থার মতো অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে রেখেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোকে স্বাভাবিকভাবে কাজকর্ম পরিচালনা করতে দেওয়া হচ্ছে না।

বিএনপি বলেছে, রাষ্ট্রপতির ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে তারা সচেতন। কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন রাজনীতিকদের হাতে প্রণীত এবং সংকীর্ণ স্বার্থে রদবদলকৃত সংবিধানের ধারা-উপধারা জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ থাকে না। এমন পরিস্থিতিতে জনগণের প্রত্যাশাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবিধানকে পুনর্বিন্যস্ত করতে হয়। জাতীয় জীবনে তেমনই একটি সময় এসেছে। দেশ-জাতির এই ক্রান্তিলগ্নে জনগণের ঐক্যের প্রতীক হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করতে বিএনপি রাষ্ট্রপতিকে অনুরোধ করেছে।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি বিরোধী জোটকে বলেছেন, দুই পক্ষকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। বিরোধী দলের বক্তব্য সরকারের কাছে পৌঁছে দেবেন বলে বলেছেন রাষ্ট্রপতি।

বৈঠকে ১৮ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান, জামায়াতের নায়েবে আমির নাজির আহমেদ, এলডিপির সভাপতি অলি আহমদ, বিজেপির সভাপতি আন্দালিব রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখ।