সমঝোতার চেষ্টা ব্যর্থ, চট্টগ্রামে আ.লীগের আলাদা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কাল সোমবার। দিবসটি উপলক্ষে চট্টগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষকে এক করার চেষ্টা করা হয়েছিল। তবে সেই চেষ্টা ব্যর্থ হচ্ছে। বিবদমান দুটি পক্ষ আলাদা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থকেরা আজ রোববার বিকেলে লালদীঘি মাঠে জনসভার আয়োজন করেছেন। নগর কমিটির যুগ্ম সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের সমর্থকেরা পরদিন একই স্থানে জনসভা ডেকেছেন। বেশ কিছুদিন ধরে নগর আওয়ামী লীগ দুই ভাগ হয়ে আলাদা কর্মসূচি পালন করছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন মহিউদ্দিন চৌধুরী। তাঁর সঙ্গে আছেন সাংসদ এম এ লতিফ ও আ জ ম নাছিরউদ্দীন। অন্য পক্ষের নেতৃত্বে আছেন আফছারুল আমীন। তাঁর সঙ্গে আছেন একসময় মহিউদ্দিনের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের নগর কমিটির অর্থ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম ও কোতোয়ালি আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি। দলীয় সূত্রমতে, দুই পক্ষকে মিলিয়ে একই দিন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি পালনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক দুই ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম ও আহমেদুর রহমান সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা সমঝোতায় ব্যর্থ হন। নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষের শীর্ষস্থানীয় নেতারা একসঙ্গে বসতে রাজি নন। একমাত্র দলের কেন্দ্র থেকে হস্তক্ষেপ ছাড়া এই বিরোধ মিটবে বলে মনে হয় না। জানা গেছে, আফছারুলের সঙ্গে একাধিকবার টেলিফোনে কথা বলার পর মধ্যস্থতাকারী দুই সাবেক কাউন্সিলর গত শুক্রবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে গিয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু তিনি মহিউদ্দিনের সঙ্গে একই টেবিলে বসতে রাজি হননি।জনসভা সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা জোটগতভাবে (মহাজোট) জনসভার আয়োজন করেছি। এতে জোটের অন্য শরিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মহাজোট সরকারের সাফল্যের দুই বছর উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।’ আফছারুল আমিন জনসভায় আসবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই আসবেন।’আফছারুল আমীনের সমর্থক নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, ‘আমরা দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে চাই বলে তাঁর জনসভায় যাব না। কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছায় আর দলকে চলতে দেওয়া যাবে না।’ দলীয় সূত্র জানায়, মহিউদ্দিন সমর্থকদের আজকের জনসভায় দলীয় সাংসদ আকতারুজ্জামান চৌধুরী, মোশারফ হোসেন, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত থাকছেন না। বিষয়টি নিশ্চিত করে মহিউদ্দিন সমর্থক ও দলের নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা ঢাকায় ব্যস্ততার কারণে জনসভায় আসতে পারবেন না বলে জানিয়েছেন। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জনসভায় থাকবেন।