সমঝোতার চেষ্টা ভেস্তে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সরকার-সমর্থক ও সরকারবিরোধী দুই ফোরামের সমঝোতার চেষ্টা ভেস্তে গেছে। তিন দফায় তফসিল পেছানোর পর গতকাল রোববার নির্বাচন পরিচালনা কমিটি ভোট আয়োজনে অপারগতা জানানোয় অনিশ্চয়তায় পড়েছে সাংবাদিকদের ওই ক্লাব।
গত ৩০ ডিসেম্বর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল। এরপর তিনবার তারিখ হলেও নির্বাচন হয়নি। তবে সর্বশেষ সমঝোতার ভিত্তিতে কমিটির ১৭টি পদ ভাগাভাগি হয়। এর মধ্যে ১০টি পদ নেয় বিএনপি-জামায়াত সমর্থক ফোরাম, সাতটি পদ নেয় সরকার-সমর্থক ফোরাম।
নিজেদের মধ্যে বিরোধ থাকলেও সরকার-সমর্থক ফোরাম সাত সদস্যের নাম চূড়ান্ত করে। সরকারবিরোধী ফোরাম সাধারণ সম্পাদকসহ বেশির ভাগ পদে জামায়াত সমর্থক সাংবাদিককে মনোনয়ন দেওয়ায় বিএনপি-সমর্থক সাংবাদিকদের বেশির ভাগই বিদ্রোহ করেন।
সূত্রমতে, বিষয়টি নিয়ে কথা বলতে সম্প্রতি কয়েকজন সাংবাদিক নেতা বেগম খালেদা জিয়ার কাছে যান। সরাসরি না বললেও তিনি সমঝোতার পক্ষে নন বলে মনোভাব প্রকাশ করেন। খালেদা জিয়ার এই মনোভাব বিভিন্নভাবে প্রকাশ পাওয়ায় বিএনপি-সমর্থক সাংবাদিকদের অনেকেই ফোরামের বাইরে মনোনয়ন ফরম জমা দেন। এতে বিপাকে পড়েন গত প্রায় সাড়ে চার মাস ধরে সমঝোতার চেষ্টা চালিয়ে আসা বিএনপি-জামায়াত ফোরামের সাংবাদিক নেতারা। অন্যদিকে সরকার-সমর্থক কয়েকজন সাংবাদিকও মনোনয়ন জমা দেন।
জানতে চাইলে সরকার-সমর্থক ফোরামের অন্যতম নেতা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, তাঁরা যদি নির্বাচন করবেন, তাহলে গত সাড়ে চার মাস সমঝোতার নামে কালক্ষেপণ করলেন কেন? তিনি বলেন, ‘তাদের প্রস্তাব অনুযায়ী আমরা সাতটি পদ নিয়েছি এবং এসব পদে ফোরামের মনোনয়ন চূড়ান্ত করে তাদের কাছে হস্তান্তর করেছি। তারাও একটি তালিকা চূড়ান্ত করে আমাদের দিয়েছে। এখন বিএনপি ফোরামের বিরোধ, বিএনপি-জামায়াতের বিরোধ বা বিএনপির চেয়ারপারসনের নির্দেশ যা-ই হোক না কেন—এটা সামাল দেওয়ার দায়িত্ব তাদেরই।’
সরকারবিরোধী ফোরামের নেতা শওকত মাহমুদ বলেন, সমঝোতার জন্য তাঁরাও একটি তালিকা ফোরামে চূড়ান্ত করে সরকার-সমর্থকদের কাছে দিয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেছে, দুই ফোরামের বেশ কিছুসংখ্যক সাংবাদিক স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিয়েছেন। এর ফলে নির্বাচন অনিবার্য হয়ে ওঠে। শওকত মাহমুদ অভিযোগ করেন, প্রতিপক্ষ ফোরাম সমঝোতার যেসব শর্ত ছিল সেগুলো না মানলেও তাঁরা সমঝোতার শেষ চেষ্টা করেছেন।
তৃতীয় দফা তফসিল অনুযায়ী আগামী ২৯ মে এই নির্বাচনে ভোট গ্রহণের কথা ছিল। গতকালের পর গঠনতন্ত্র অনুযায়ী বিশেষ সাধারণ সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প উপায় থাকছে না।
জানতে চাইলে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আজ সোমবার বিকেলে ব্যবস্থাপনা কমিটির বৈঠক ডাকা হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই-জামিল ব্যবস্থাপনা কমিটিকে দেওয়া চিঠিতে বলেছেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ বিদ্যমান না থাকায় তাঁরা অপারগতা প্রকাশ করছেন।
জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর অন্তর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের বিধান থাকলেও এবার নানা জটিলতার কারণে ৩১ ডিসেম্বর নির্ধারিত সময়ে নির্বাচন হয়নি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি-জামায়াত সমর্থকদের একটি যৌথ প্যানেল সমঝোতার ভিত্তিতে মনোনয়নপত্র জমা দেয়। এর বাইরে আওয়ামী লীগ-সমর্থকদের একটি অংশ এবং বিএনপি-সমর্থকদের একটি অংশ আলাদা প্যানেল জমা দেয়। দুই দলের সমর্থকদের বাইরে আরেকটি প্যানেল হয়েছে। সব মিলিয়ে এ বছর বিপুলসংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, দুই প্রধান দল সমর্থকদের সমঝোতার প্যানেলে সভাপতি পদে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদে রুহুল আমিন গাজী প্রার্থী হয়েছিলেন।
জাতীয় প্রেসক্লাবের নেতৃত্ব বেশ কয়েক বছর ধরেই বিএনপি-সমর্থকদের নিয়ন্ত্রণে। ২০১৩ সালের সর্বশেষ নির্বাচনে কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদের নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির মধ্যে ১১টি পদে তারা বিজয়ী হয়। ভোটার সংখ্যার পাল্লা সরকারবিরোধীদের দিকে ভারী হওয়ায় সরকার-সমর্থকেরা শুরু থেকেই সমঝোতার দাবি জানিয়ে আসছিল। ক্লাবের মোট ৮০০ স্থায়ী সদস্যের মধ্যে ১৭১ জন নতুন সদস্য আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন।