নরসিংদীর শিবপুর মডেল থানা থেকে হাজতি মহসীন মিয়ার ‘ঝুলন্ত’ লাশ উদ্ধারের ঘটনায় সমঝোতার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কয়েকজন নেতা আজ শনিবার পর্যন্ত মামলা না করতে নিহত মহসীনের পরিবারের কাছ থেকে সময় নিয়েছেন। এ কারণে লাশ উদ্ধারের পাঁচ দিন পর গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত মামলা করেনি সহসীনের পরিবার।
এলাকার অনেকে জানান, মহসীন উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। গত শনিবার রাতে তাঁকে ডাকাত সন্দেহে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গত সোমবার সকালে থানার একটি কক্ষের জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পুলিশ দাবি করছে, মহসীন আত্মহত্যা করেছেন। কিন্তু মহসীনের পরিবার বলছে, তাঁকে হত্যা করা হয়েছে।
গত বৃহস্পতিবার মহসীনের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর পরিবারের লোকজনের সঙ্গে। তাঁরা জানান, মহসীনের লাশ উদ্ধারের পর সোমবার বিকেলে স্থানীয় সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক অরুণ খানসহ বেশ কয়েকজন মহসীনের বাড়িতে আসেন। তখন সাংসদসহ আওয়ামী লীগের নেতারা মহসীনের মৃত্যুর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে শনিবার (আজ) পর্যন্ত সময় চান।
সুলতান বলেন, ‘এমপি যেহেতু শনিবার পর্যন্ত সময় নিছেন, তিনি কইছেন এর বিচার কইরা দিব। দেহি কি করে। না হইলে রোববারে আমি কোর্টে মামলা করমু।’
এ ব্যাপারে অরুণ বলেন, ‘এমপি সাহেব যেহেতু এর সব দায়-দায়িত্ব নিয়েছেন, এখন এটা আলোচনার মাধ্যমে সমঝোতা করতে হবে।’
সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা প্রথম আলোকে বলেন, ‘মহসীন আমার এলাকার বাসিন্দা। তাঁর পরিবারের স্বার্থ রক্ষা করাই আমার লক্ষ্য। থানা হচ্ছে মানুষের নিরাপদ জায়গা। সেখানে তাদের হেফাজতে একজন মারা গেল, তা রহস্যজনক। বিষয়টি উদ্ঘাটনের জন্য আমি দায়িত্ব নিয়েছি।’