সমঝোতার জন্য অপেক্ষা করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘নির্বাচন নিয়ে প্রধান দুই রাজনৈতিক জোটের মধ্যে সমঝোতার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন (ইসি)। এর পরও যদি সমঝোতা না হয়, তবে কমিশন সংবিধানের আলোকেই নির্বাচন করবে।
সিইসি গতকাল রোববার বিকেলে নিজ কার্যালয়ে নির্বাচনকালীন সরকারপদ্ধতি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে। তবে এমনভাবে নির্বাচনের কারিগরি প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে যেকোনো ধরনের সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়। কারণ, দেশের মানুষ সংঘাত ও সহিংসতা চায় না।’
কাজী রকিব উদ্দীন বলেন, শেষ মুহূর্তেও রাজনৈতিক সমঝোতা হতে পারে। কমিশন বিশ্বাস করে, রাজনৈতিক দলগুলোতে অনেক বিজ্ঞ ও অভিজ্ঞ লোক আছেন। যাঁরা কেবল ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন। তাঁরা মানুষের মনোভাব বোঝেন। জনগণ যে সংঘাত চায় না, বরং শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর চায়, তা রাজনৈতিক নেতারাও জানেন। তাঁরা জনগণের দিকটি বিবেচনা করে শেষ পর্যন্ত সমঝোতায় আসবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে কমিশন আশা করে।
সিইসি বলেন, নবম সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে পরবর্তী পাঁচ বছর বর্তমান সরকারের মেয়াদ। আপাতত সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। রাজনৈতিক সমঝোতা না হলে সে অনুযায়ী নির্বাচন আয়োজন করতে হবে।
দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে প্রধান বিরোধী দলের তা বর্জন ও প্রতিহত করার ঘোষণা প্রসঙ্গে সিইসি বলেন, সব দলের অংশগ্রহণে যথাসময়ে নির্বাচন হবে। তবে কোনো দল নির্বাচনে অংশ না নিয়ে তা প্রতিহত করতে চাইলে বা বাধা দিলে পরিস্থিতি বিবেচনা করে কমিশন ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেবে। আচরণবিধি সংশোধনের ব্যাপারে তিনি বলেন, কমিশনের কাছে বর্তমানে যে আচরণবিধি আছে, তা তত্ত্বাবধায়ক সরকারের আলোকে করা। আগামী নির্বাচন কোন পদ্ধতির সরকারের অধীনে হবে, তা আচরণবিধি তৈরির জন্য গুরুত্বপূর্ণ। যদি সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে সেভাবেই আচরণবিধি সংশোধন করা হবে, যাতে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।