সমঝোতার জন্য দেশবাসী উন্মুখ: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার জন্য দেশবাসী উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘আমরাও সমঝোতা চাই। চাই সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন। সমঝোতার জন্য আমরা যত দূর সম্ভব অপেক্ষা করব।’
গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিশনের বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের এসব কথা বলেন।
প্রধান বিরোধী দল নির্বাচনে না এলে কমিশন তাদের বাদ দিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কি না—এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর উচ্চপর্যায়ের সমঝোতার উদ্যোগ চলছে। আশা করি সমঝোতা হবে।
তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসি কোনো সংলাপ করবে কি না, জানতে চাইলে কাজী রকিব উদ্দীন বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। হাতে কতটা সময় আছে, সেটা দেখতে হবে। দেখা যাক কী হয়।
নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে জানতে চাইলে সিইসি বলেন, গণমাধ্যমে যে তারিখ উল্লেখ করা হয়েছে, তার কাছাকাছি সময়ে তফসিল হবে। এখন থেকে সাত দিন পর আচরণবিধি চূড়ান্ত করার কাজে হাত দেওয়া হবে বলেও তিনি জানান।
সিইসি আরও জানান, জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।