সমঝোতার দুই দিন পরই ধলই চা-বাগান বন্ধ ঘোষণা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন ধলই চা-বাগান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার শ্রমিকদের সঙ্গে সমঝোতার দুই দিন পরই গতকাল বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ বাগান বন্ধের নোটিশ টানিয়ে দেয়। চা-বাগান বন্ধ ঘোষণা করা হলেও বাগানের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা প্রহরী, হাসপাতাল ও বিদ্যালয় এর আওতামুক্ত থাকবে।খবর পেয়ে গতকাল বিকেলে মৌলভীবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোহাম্মদ আবদুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিন ধলই চা-বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। চা-শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী বলেন, মিথ্যা অভিযোগে সম্পূর্ণ বেআইনিভাবে কর্তৃপক্ষ বাগান বন্ধ করেছে। তিনি বাগান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। এ ব্যাপারে কথা বলতে একাধিকবার চেষ্টা করেও বাগানের কর্মকর্তাদের কাউকে পাওয়া যায়নি।