সমঝোতার বদলে বিভেদ
সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’র বদলে বিভেদ দেখা দিয়েছে। গত তিন দিনে কমিটির পক্ষে-বিপক্ষে শহরে মিছিল-সমাবেশ, কেন্দ্রীয় দুই নেতার কুশপুত্তলিকা দাহ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে।গত বুধবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই পক্ষের মধ্যে ‘সমঝোতা’ করে সাবেক সাংসদ মোহাম্মদ ফজুলল হক আছপিয়াকে সভাপতি, সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেন। কিন্তু এক পক্ষ দাবি করেছে, কোনো সমঝোতা হয়নি, এটা একতরফা কমিটি। এটি বাতিল না হলে তারা কমিটি থেকে পদত্যাগ করবে।দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন ফজলুল হক আছপিয়া ও রফিক চৌধুরী। অপর পক্ষে সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরী, কলিম উদ্দিন আহমদ ও সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা বিএনপির দুই পক্ষ শহরে একই সময় পৃথকভাবে জেলা সম্মেলন করে। এরপর দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নেয়। পরে কেন্দ্র থেকে জেলা কমিটিতে ফজলুল হক আছপিয়াকে সভাপতি ও রফিক চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়। কিন্তু অপর পক্ষ তা মেনে নেয়নি। জানা গেছে, নতুন কমিটিতে আছপিয়া অংশের নেতারা কমিটিকে ‘একতরফা’ আখ্যা দিয়ে সেটি বাতিলের দাবিতে গত রোববার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই সময় দলের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান ও এম ইলিয়াছ আলীর কুশপুত্তলিকা দাহ করেন তাঁরা। পরের দিন কমিটিকে স্বাগত জানিয়ে অপর পক্ষ শহরে মিছিল বের করলে তাতে প্রতিপক্ষের কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সংঘর্ষের ঘটনা ঘটে।ফজুলল হক আছপিয়া বলেন, ‘যাঁরা বিরোধিতা করছেন, তাঁরাই জানেন কেন করছেন। যেহেতু কেন্দ্র থেকে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে, তাই এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।’ এ পক্ষের আবুল মনসুর শওকত জানান, কেন্দ্রীয় নেতারা কথা রাখেননি। সমঝোতা ছাড়াই একতরফা কমিটি ঘোষণা দিয়েছেন। ত্যাগী নেতাদের কমিটিতে রাখা হয়নি। জ্যেষ্ঠতা মানা হয়নি। তিনি বলেন, ‘কমিটি বাতিল না হলে আমরা অনেকেই কমিটি থেকে পদত্যাগ করব।’কলিম উদ্দিন আহমদ বলেন, চেয়ারপারসনের পরামর্শে ভারপ্রাপ্ত মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন। এর পরও যদি কোনো কথা থাকে, আমরা সবাই বসে তা সমাধানের চেষ্টা করব।’