যে অবস্থায় দশম জাতীয় সংসদ নির্বাচন হতে চলছে, তা গ্রহণযোগ্য হবে না। আর বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন প্রতিযোগিতামূলকও হবে না। তাই সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য একতরফা নির্বাচনের তফসিল বাতিল করে সমঝোতার ভিত্তিতে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক—সুজন। সংবাদ সম্মেলন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে ‘অনৈতিক’ খেলা থেকে বিরত থাকতে উভয় দলের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। লিখিত বক্তব্যে আসন্ন দশম জাতীয় সংসদের প্রার্থিতা নিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলা হয়, ৪০টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র ১৫টির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মাত্র এক হাজার ১০৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বাধীনতার পর এটাই সবচেয়ে কম মনোনয়নপত্র জমার রেকর্ড। আর বাছাইয়ের পর ৮৪৭ জনের মনোনয়নপত্র বৈধ। এ পর্যন্ত ৩৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। জাতীয় পার্টি মনোনয়নপত্র প্রত্যাহার করলে এ সংখ্যা হবে এ দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ অবস্থায় নির্বাচন হলে গণতন্ত্র তথা সংখ্যাগরিষ্ঠ জনগণের সম্মতির শাসন প্রতিষ্ঠিত হবে না। সংবিধান সমুন্নত রাখার স্লোগানের ভিত্তিতে জোর করে একদলীয় বা একতরফা নির্বাচন করলে তা দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না।
সংবাদ সম্মেলন থেকে সরকার ও বিরোধী দলের প্রতি বেশ কিছু দাবি জানানো হয়। সরকারের কাছে যেসব দাবি জানানো হয়, সেগুলো হলো—একতরফা নির্বাচন থেকে বিরত থাকা, বিরোধী দলকে শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেওয়া, বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি, সেনাবাহিনীকে একতরফা নির্বাচনে জড়িত ও বিতর্কিত করা থেকে বিরত থাকা, বৃহত্তর পরিসরে সংলাপের আয়োজন করা।বিরোধী দলের প্রতি হরতাল-অবরোধ ও সহিংসতা থেকে দূরে থাকা, খোলামনে সংলাপে বসা এবং সংকট উত্তরণে মতৈক্যে পৌঁছানোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক বলেন, যে নির্বাচন হতে চলছে, তা কোনো ধরনের গ্রহণযোগ্যতা পাবে না। তিনি জরুরি অবস্থা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানবাধিকারকর্মী হামিদা হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।