প্রশিক্ষণার্থীর গাড়ির ধাক্কায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ঘটনাটি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আহত ছাত্র কোনো মামলা করেনি বলে জানা গেছে। তবে শাহবাগ থানা পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশিক্ষণার্থী চালকের পরিবারের মধ্যে সমঝোতা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথা অনুযায়ী মুচলেকা রেখে তিন ছাত্রীকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ছেড়ে দেওয়া হয়। চালককে আটক রাখা হয়েছে।এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় একটি মামলা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণার্থী চালকের পরিবার আহত ছাত্রের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দিতে সম্মত হয়েছে।’ তবে এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। বৃহস্পতিবার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধনকুমার ঘোষ আহত হন। এর জের ধরে দুটি গাড়ি পোড়ানো ও ২০-২৫টি গাড়ি ভাঙচুর করা হয়।