সমঝোতায় আসুন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যা হওয়ার হয়েছে, এখন সমঝোতায় আসুন। নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন দিন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা মশিয়ুর রহমানের স্মরণসভায় মির্জা ফখরুল সরকারের প্রতি এই আহ্বান জানান। মশিয়ুর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করে ভাসানী স্মৃতি সংসদ।
সভায় মির্জা ফখরুল বলেন, ছলচাতুরি ও অনেক কলাকৌশল করে সরকার গণতন্ত্র হত্যা করতে চাইছে। তারা অস্ত্রের জোরে ক্ষমতায় বসে আছে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচনে না গিয়ে ভুল করেনি। আওয়ামী লীগই ভুল গন্তব্যে যাচ্ছে, যেখানে কোনো গণতন্ত্র নেই।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দল নৈরাজ্য চালাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কিছু শুনেও শুনছে না। যেন সরকার-সমর্থিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করাই তাদের কাজ।
‘ইসি জেগে জেগে ঘুমাচ্ছে’: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, নির্বাচনের উৎসবের আমেজের বদলে সারা দেশে এখন আতঙ্ক বিরাজ করছে। আর নির্বাচন কমিশন (ইসি) জেগে জেগে ঘুমিয়ে আছে। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।