দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দীর্ঘ নয় বছর পর গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের বদলে সমঝোতায় কমিটি গঠন করা হয়। এর প্রতিবাদে দলের একটি অংশের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।সুজাপুর উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান। সম্মেলন উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজিজুল ইমাম চৌধুরী।সম্মেলনের প্রথম অংশে ভূমি প্রতিমন্ত্রী ভোটের বদলে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করার জন্য উপস্থিত সবার সমর্থন চান। বিকেল পাঁচটার দিকে দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরুর আগে উপজেলা কমিটির সহসভাপতি ও সাবেক মেয়র শাহজাহান আলী সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা শহরের চারটি তোরণ ভেঙে দেন।এর মধ্যে মো. মোস্তাফিজুর রহমান ১৮৯ জন কাউন্সিলর নিয়ে সম্মেলনে বসেন। এতে মো. হায়দার আলী শাহ সভাপতি, ভূমি প্রতিমন্ত্রীর ছোট ভাই মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক ও আতাউর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। এতে উপস্থিত কাউন্সিলরদের হাত তুলে সমর্থন নেওয়া হয়।শাহজাহান আলী সরকার বলেন, গঠনতন্ত্র মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের দলের নেতৃত্বে ঠাঁই পাওয়ার কথা। কিন্তু সেটা না করে প্রতিমন্ত্রী তাঁর ছোট ভাই ও পছন্দের ব্যক্তিদের মনোনীত করে উপস্থিত সবার সমর্থন নেন।দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে মাস খানেক ধরে একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে কাউন্সিলররা নির্বাচনের মাধ্যমে তাঁদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছেন।নাম প্রকাশ না করার শর্তে দলের একাধিক নেতা জানান, প্রতিমন্ত্রীর পছন্দের বাইরে কথা বলার সাহস কোনো কাউন্সিলরের নেই। পার্শ্ববর্তী উপজেলাগুলোয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচন করা হলেও এখানে ২৫ বছর ধরে এই পদ্ধতিতেই তিনি কাউন্সিল করেন।এ বিষয়ে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘ফুলবাড়ী আমার এলাকা। অন্য জায়গায় কী হচ্ছে, সেটা আমার দেখার বিষয় নয়। কার হাতে নেতৃত্ব দিলে দলের মঙ্গল হবে, এটা আমি ভালো বুঝি।’ তিনি আরও বলেন, ভোটে হেরে গেলে কিছুটা হলেও মনঃক্ষুণ্ন হয়; সমঝোতায় কমিটি করা হলে গতি বৃদ্ধি পায়।