পঞ্চগড় গণপূর্ত অধিদপ্তরের ১৫টি গুচ্ছের প্রায় ৩৬ কোটি টাকার দরপত্র ঠিকাদারেরা সমঝোতার মাধ্যমে ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে সরকারের প্রায় তিন কোটি টাকা লোকসান হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার বলেন, ‘সমঝোতা হলে সকলেই লাভবান হয়। তাই গণপূর্ত অধিদপ্তরে সমঝোতা করে কাজ দেওয়া ও নেওয়া হয়। সবকিছুই নিয়মের মধ্যে এবং সবাইকে ম্যানেজ করেই করা হয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন প্রকৌশলী ও ঠিকাদারের একটি জোট এই সমঝোতার সঙ্গে জড়িত। এসব কাজে প্রতিযোগিতামূলক ঠিকাদার নিয়োগ করলে কমপক্ষে শতকরা ৫ থেকে ১০ ভাগ কম দরে ঠিকাদারেরা কাজ নিতেন। সে হিসাবে প্রায় তিন কোটি টাকা সরকারের লাভ হতো। এখন যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে তিনি কাজের বিপরীতে ৫ থেকে ৮ শতাংশ টাকা অন্য ঠিকাদারদের দিয়ে কিনে নিয়েছেন।গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৫টি গুচ্ছের প্রায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ১৩টি নির্বাহী প্রকৌশলী ও দুটি তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দপ্তর থেকে দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি গুচ্ছের জন্য তিন থেকে ৩০টি পর্যন্ত দরপত্র বিক্রি হয়। কিন্তু জমা পড়ে মাত্র দুই থেকে চারটি। এর মধ্যে তেঁতুলিয়ায় আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মাণের জন্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকার ১০টি গুচ্ছ রয়েছে। প্রতিটিতে মাত্র দুই-তিনটি দরপত্র জমা পড়ে। বাকি পাঁচটি গুচ্ছের মধ্যে বোদা থানা ভবন নির্মাণের জন্য প্রায় দুই কোটি ১৪ লাখ টাকার কাজে ২৭টি দরপত্র, বোদা হাইওয়ে আউট পোস্ট নির্মাণের এক কোটি চার লাখ টাকার কাজে ১০টি এবং মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণের এক কোটি ৫১ লাখ টাকার কাজে ৩৫টি দরপত্র বিক্রি হয়। এই তিনটি গুচ্ছের প্রতিটিতে মাত্র তিনটি করে দরপত্র জমা পড়ে।পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের প্রায় সাড়ে ১৪ কোটি টাকার কাজের জন্য ৩০টি দরপত্র বিক্রি হয়। অথচ জমা পড়ে মাত্র চারটি। এর মধ্যে তিনটি প্রাক্কলিত দরের চেয়ে বেশি ও একটি প্রায় সমদরে দাখিল করা হয়। পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের সাড়ে ১৪ কোটি টাকার কাজে ৩০টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে তিনটি। এর মধ্যে দুটি প্রাক্কলিত দরের বেশি ও একটি প্রায় সমদরে দাখিল করা হয়।পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মাউদুদুর রহমান বলেন, পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন এবং মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণের দরপত্র রাজশাহীতে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে যাচাই-বাছাই করে প্রধান প্রকৌশলীর দপ্তর হয়ে মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর কার্যাদেশ দেওয়া হয়। বিক্রি বেশি হলেও দুই-চারটি শিডিউল জমা পড়ার কারণ ঠিকাদাররাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন নির্মাণের ঠিকাদারিপ্রতিষ্ঠান ওকে অ্যান্ড কেএ জয়েন্ট ভেঞ্চারের স্বত্বাধিকারী কাজী এরফানুর রহমান বলেন, ‘কোনো সিন্ডিকেট বা সমঝোতা করে কাজ নিইনি। নিম্ন দরদাতা হিসেবে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। তবে অনেক ঠিকাদার কেন শিডিউল দাখিল করেননি এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না।’ একই ধরনের কথা বলেন কার্যাদেশ পাওয়া অন্য ঠিকাদারেরা।রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার বলেন, সবকিছুই নিয়ম অনুযায়ী করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের কেউ এসবের সঙ্গে জড়িত নন। রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাশার খান বলেন, তাঁর দপ্তরে কোনো অনিয়ম হয়নি।